শাহ আলম,গোয়াইনঘাট থেকে
দীর্ঘ দিন ধরে বেহাল দশায় পরে থাকা সিলেট-তামাবিল মহা সড়কের জৈন্তাপুর থেকে জাফলং পর্যন্ত সড়কটি সংস্কারের জন্য অবশেষে ১৯০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প অনুমোদন করা হয়। সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, ১৬ দশমিক ০৯ কিলোমিটার এ সড়কটির প্রায় সাড়ে চার কিলোমিটার গুরুত্বপূর্ণ এলাকায় কংক্রিট ব্লকে নির্মাণ করা হবে। সিলেট তামাবিল ল্যান্ডপোর্ট কানেকটিং ও বল্লাঘাট সংযোগ সড়ক এটি। পাহাড়ি এই সড়ক দিয়ে ভারত থেকে প্রচুর পরিমাণে পাথর ও কয়লা আমদানি করা হয়। এই সড়ক দিয়ে বিপুল সংখ্যক ভারী যানবাহন চলাচলের কারণে প্রতি বছরই নষ্ট হচ্ছে সড়কের বিটুমিন। সড়কটির বিভিন্ন যায়গায় খানাখন্দের সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে প্রায় অনুপযোগী হয়ে পড়েছিল। একনেক’র সভায় এই প্রকল্প অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেন, এই প্রকল্প অনুমোদন হওয়ায় পর্যটন এলাকা জাফলংসহ তামাবিল স্থল বন্দর এলাকায় সড়কের যে সমস্যা সৃষ্টি হয়েছিল অচিরেই তার সমাধান হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে অত্রাঞ্চলের যাতায়ত বিরম্বনার আমূল পরিবর্তন ঘটবে বলেও তিনি আশা প্রকাশ করে।
এদিকে এই প্রকল্প অনুমোদন দেওয়ায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি মোঃ ইব্রাহিম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক।
স/এষ্

