সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় সাত বেসামরিক নাগরিকসহ ২৩ জন নিহত হয়েছেন।
রোববার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে এ ঘটনা ঘটে।
নিহতের মধ্যে হামলাকারী জিহাদি ওই যোদ্ধাও রয়েছেন। খবর- আরব নিউজের।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, সরকারবিরোধী ক্ষুদ্র একটি বিদ্রোহী গোষ্ঠীর সদরদপ্তর লক্ষ করে চালানো এই হামলায় মুহূর্তেই পুরো এলাকা কেঁপে ওঠে। আশপাশের গাড়িগুলো মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়ে যায়। কয়েকটি ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় সামরিক ও বেসামরিকসহ মোট ২৩ জনের মৃত্যু হয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী গোষ্ঠীর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয় ইদলিবকে। আসাদ সরকার বেশ কয়েক মাস ধরেই এই শহরের নিয়ন্ত্রণ নিতে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। এর মধ্যে সরকারি বাহিনীকে পিছু হটাতে এমন হামলা চালায় বিদ্রোহীরা।

