দুই ম্যাচ টেস্টের পর এবার তিন ম্যাচ ওয়ানডেতেও স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বক্সিং ডে দিনটা কি দুর্দান্তভাবেই না পাড় করল নিউজিল্যান্ড। টেস্টের পর ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে পারফেক্ট ক্রিসমাস পালন করল তারা।
মঙ্গলবার ক্রাইস্টচার্চে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বৃষ্টি আইনে ৬৬ রানের জয় পায় কিউইরা। পুরো সফরে স্বাগতিকদের কোনও রকম চ্যালেঞ্জের মুখেই ফেলতে পারেনি ক্যারিবীয়রা।
বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই ক্যারিবিয়ান বোলিংয়ের তোপে পড়ে নিউজিল্যান্ড। ২৬ রানের মধ্যে জর্জ ওয়ার্কার, নেইল ব্রুম ও কলিন মুনরোকে হারানোর পর চতুর্থ উইকেটে রস টেলর ও টম ল্যাথাম জুড়ে দেন মূল্যবান ৭৩ রান।
লাথাম ৩৭ করে ফিরে গেলে রস টেলর ও হেনরি নিকোলস ৪ উইকেটে ৯৯ থেকে ১৩১-এ স্কোর টেনে নেন। এরপর দ্বিতীয় দফায় বৃষ্টি এসে বন্ধ রাখে খেলা।
২৩ ওভারে কিউইদের করা ১৩১ রান বৃষ্টি আইনে বেড়ে ওয়েস্ট ইন্ডিজকে দেয় ১৬৬ রানের নতুন টার্গেট।
১৬৬ রানের লক্ষ্যে জবাব দিতে ব্যাট করতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের হার এড়াতে তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ শিবিরের ওপেনার গ্রিস গেইল। মাত্র ৪ রান করে হেনরির বলে মানরোর হাতে ধরা পড়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব।
আরেক ওপেনার চ্যাডউইক ওয়ালটন ফিরেছেন শূণ্য রানে। দলটির হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক জেসন হোল্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রানে অপরাজিত ছিলেন নিকিতা মিলার। বাকিদের আর কেউ ২০ এর কোঠা পার হতে না পারায় দলীয় ৯৯ রানেই থামে সফরকারীদের ইনিংস।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান রস টেলর। আর পুরো সিরিজে আগুণ ঝরানো বোলিংয়ের জন্য ম্যান অব দ্য সিরিজের পুরস্কার উঠে ট্রেন্ট বোল্টের হাতে।
স/নাঈম

