কর দেয়া-নেয়ার মাধ্যমে ফুলেল চরিত্র গঠনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি বলেন, কর দেয়া ভয়ের কিছু নয়, এ বার্তা আমরা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছি।
মঙ্গলবার কর অঞ্চল-৫ এর সম্মেলন কক্ষে আয়োজিত এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এনবিআর) চেয়ারম্যান এসব কথা বলেন।
নজিবুর রহমান বলেন, কর দিতে আর কোনো ভীতির পরিবেশ থাকবে না। কর প্রদান সহজতর করতে আমাদের নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা সারাদেশে রাজস্ববান্ধব সংস্কৃতি গড়ে তুলবো।
তিনি বলেন, সম্মাননা পাওয়া করদাতারা নিজেরা কর দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারা অন্যদের উৎসাহিত করেছেন। তাদের উৎসাহে আশা করি দেশে করদাতার সংখ্যা আরো বেড়ে যাবে।
নজিবুর রহমান আরো বলেন, কর দেয়া এবং নেয়ার ক্ষেত্রে ফুলেল চরিত্র গঠনের চেষ্টা করছি। আমরা হৃদয় ও মননে সহনীয় অবস্থান গ্রহণ করছি। আমরা ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-কে বর্ষসেরা পার্টনারশিপ ঘোষণা করছি।
কর অঞ্চল-৫, ঢাকা এর কর কমিশনার শাহীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনবিআর সদস্য মো. আব্দুর রাজ্জাক ও এনবিআর সদস্য হাবিবুর রহমান। এ সময় সম্মাননা পাওয়া করদাতারাসহ এনবিআর’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স/না

