সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে বিজিবি টহল দলের উপর চোরাচালানীরা হামলা চালিয়েছে। বুধবার সকাল ৬টার দিকে কাকডাঙ্গা সীমান্তের সোনাই নদীতে বাংলাদেশ সীমানার অভ্যন্তরে স্পীড বোডে টহল দেওয়ার সময় এ ঘটনা ঘটে। চোরাচালানীদের সঙ্গবদ্ধ আক্রমনে টহলকাজে ব্যবহৃত স্পীড বোডটির ক্ষতি হয়েছে। বিজিবি সদস্যরা চোরাচালানীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এসময় বিজিবি সদস্যরা তাদের ফেলে যাওয়া ৫বস্তা সুপারী উদ্ধার করে। কাকডাঙ্গা বিওপি’র নায়েক সুবেদার হায়দার আলী জানান, বুধবার ভোরে বিজিবি সদস্যদের একটি দল সোনাই নদীতে স্পীড বোডে নিয়মিত টহলদানকালে দেখতে পান একদল চোরাকারবারী কয়েকটি বস্তাভর্তি মালামাল নিয়ে সোনাই নদী পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে। টহল দল সেখানে পৌঁছানো মাত্র চোরাকারবারীরা তাদের ওপর হামলা চালায়। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা সুপারী ভর্তি ৫টি বস্তা ফেলে পালিয়ে যায়। তবে কোনো চোরাচালানীকে আটক করা সম্ভব হয়নি। তাদের হামলায় স্পীড বোডটি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। চোরাচালানীদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত সুপারীর বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
স/শা

