ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার নারী রোবট সোফিয়ার সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বুধবার প্রায় ২ মিনিটের কথোপকথনে একজন আরেকজনের খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী তাকে কয়েকটি প্রশ্ন করেন। সেই প্রশ্নগুলোর উত্তর দেন সোফিয়া।
প্রথমে প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেন কেমন আছো? উত্তরে সোফিয়া ইংরেজিতে উত্তর দেয়, ‘ভালো। আপনার সঙ্গে সাক্ষাৎ করে আমি আনন্দিত।
প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করেন তুমি আমাকে কীভাবে চেন? সোফিয়া বলে, আমি জানি আপনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আপনি মাদার অব হিউম্যানিটি।
এরপর প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করেন ডিজিটাল বাংলাদেশ নিয়ে তুমি কি জানো? উত্তরে সোফিয়া ২০০৯ সাল থেকে বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়ন তুলে ধরে। ই-গভর্নেন্সসহ সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রীকে বলে। বঙ্গবন্ধু হাই টেক সিটি সম্পর্কে অবগত থাকার বিষয়টিও সোফিয়া প্রধানমন্ত্রীকে জানায়।
এরপর প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানান। ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধন ঘোষণা করেন।
বুধবার ডিজিটাল ওয়ার্ল্ডে সোফিয়াকে নিয়ে দুটি সেশন করা হবে। প্রথম সেশনে দেশের পলিসি মেকার এবং সাংবাদিকদের সঙ্গে তার বৈঠক হবে। দ্বিতীয় সেশনে থাকবে তরুণ গেম ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, অ্যাপ ডেভেলপার ও উদ্ভাবকদের সঙ্গে আলোচনা। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ড. ডেভিড হ্যানসন মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
এ প্রদর্শনী চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
স/শা

