প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি ঢাকা পৌঁছান। সফরকালে তিনি লা মেরিডিয়ান হোটেলে থাকবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দুপুরে চীনের বেইজিং থেকে ঢাকায় আসেন এস জয়শঙ্কর। বিকেল ৫টার দিকে তিনি জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর সন্ধ্যায় হোটেলে ফিরে তিনি পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আলোচনায় বসবেন। আগামীকাল শুক্রবার সকালে দিল্লির উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
দুই দফায় শেখ হাসিনার সফরটি পিছিয়ে যাওয়ার পর ঢাকায় এলেন ভারতের পররাষ্ট্রসচিব। তিনি সম্ভাব্য সফরসূচি এবং ওই সফরের আলোচনার বিষয়বস্তু নিয়ে প্রাথমিক আলোচনা করবেন। সফরের চূড়ান্ত সূচি ঠিক করতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলোর সঙ্গে যোগাযোগ করে আভাস পাওয়া গেছে।
স/শা

