ধামরাই (ঢাকা) থেকে মো. মাসুদ সরদার
ঢাকার ধামরাইয়ে রোমানা আক্তার(২৬) নামে গার্মেন্টস মহিলা কর্মীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
গতকাল বুধবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকার কেলিয়া ব্রীজের উপর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত রোমানা উত্তর জয়পুরা গ্রামের মৃত খোরশেদ আলীর বড় মেয়ে । রোমানার সাত বছরের এক কন্যা সন্তান রয়েছে।
রোমানার ছোট ভাই মাসুদ জানান, আমার বোন প্রতিদিনের ন্যায় কালও তার কর্ম স্থলে গিয়েছিল। কিন্তু রাতে সে আর বাড়ি ফিরেনি। ভোর রাতে জানতে পারি তার লাশ রাস্তার মধ্যে পড়ে আছে।
এ ব্যাপারে ধামরাই থানার উপ- পরিদর্শক (এস আই) জসীম উদ্দিন দেওয়ান জানান,আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরে জানা যাবে এটা হত্যা নাকি অপমৃত্যু। লাশের মাথায়,বাম পায়ে ও বাম হাতেও ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
স/এষ্

