কালকিনিতে হিন্দুদের জমি দখলের অভিযোগে বিক্ষোভ
গ্রেফতার-১
রতন দে,কালকিনি (মাদারীপুর)
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার আইসার এলাকায় হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের চেষ্টার প্রতিবাদে গত বৃহস্পতিবার সকালে এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেছে। বিক্ষোভের পর ডাসার থানা পুলিশ ইউসুফ আকন (৩০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকা সূত্রে জানাগেছে, উপডজেলার আইসার এলাকার গৌরঙ্গ রায়ের সাথে একই এলাকার প্রভাবশালী মোহাম্মাদ আলী আকনের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার মোহাম্মাদ আলী আকন, আবদুল মান্নান আকন ও কবির হোসেন আকন দেশীয় অশ্রে সজ্জিত হয়ে হামলা ও জমি দখলের চেষ্টা করে। এতে বাধা দিলে মহিলা সহ ৬ জনকে পিটিয়ে আহত করে হামলাকারীরা। ঘটনার পর গৌরঙ্গ রায় বাদি হয়ে ডাসার থানায় একটি মামলা দায়ের করে। এলাকার মহিলাদের উপর হামলা করায় গত বৃহস্পতিবার এলাকার হিন্দু মহিলা সহ এলাকাবাসী বিক্ষোভ করে। এ বিষয়ে ডাসার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান , এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে ও একজনকে গ্রেফতার করা হয়েছে।
স/মা

