অনলাইন ডেস্ক
সিলেট সফর শেষে বিপিএল এখন ঢাকায়। শনিবার প্রথম দিনের দ্বিতীয় ম্যচে মুখোমুখি হয়েছিল ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স।
আর এ ম্যাচেই বিপিএলের চলতি আসরে ঢাকার জার্সিতে প্রথম মাঠে নামেন পাকিস্তান অলরাউন্ডার বুম বুম আফ্রিদি। স্বভাবতই সবকিছু ছাপিয়ে দুর্দান্ত এক পারফরমেন্স দেখান এই তারকা ক্রিকেটার।
ব্যাট হাতে ১৭ বল খেলে ৩৭ রান করেন আফ্রিদি। যেখানে চারের (১টি) চেয়ে ছক্কার (৫টি) মারই ছিল বেশি। স্ট্রাইক রেট ২১৭.৬৪। অন্যদিকে, বল হাতেও স্পিন জাদুতে সিলেটের চার উইকেট তুলে নেন তিনি।
এদিকে, আফ্রিদির কাছে বিপিএলের প্রতিটি ম্যাচেই এমন পারফরম্যান্স প্রত্যাশা করেন ঢাকা দলপতি সাকিব আল হাসান। শনিবার মিরপুর স্টেডিয়ামে তিনি জানান, ‘আফ্রিদির কাছে আমরা সব সময় এমন পারফর্ম আশা করি। এ জন্যই তাকে দলে নিয়েছি।
আমি আশা করি প্রতিটি ম্যাচেই সে পারফর্ম করবে। কিন্তু যদিও তা সব সময় হবে না। তবে আমরা জানি, যে কোনো সিচুয়েশন থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। ’
তবে সাকিবের কাছে ব্যাটিংয়ের চেয়ে বোলিংটাই বেশি গুরুত্বপূর্ন। তিনি বলেন, ‘ব্যাটিংয়ের চেয়ে বোলিংটা গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে। বিশেষ করে টি-টোয়েন্টিতে। আফ্রিদি-নারাইন আছে, সাথে রনি আছে। আমাদের বোলিং কম্বিনেশনটা বেশি ভালো। ব্যাটসম্যানরা তো সব সময় ভালো করতে পারে না। কিন্তু এ রকম বিশ্বমানের বোলিং লাইনই আমাদের সেরা স্ট্রেংথ। ’
স/মা

