বাঘারপাড়ায় বোমা বিস্ফোরনে এক চা দোকানি আহত
স্টাফ রিপোর্টার,বাঘারপাড়া
যশোরের বাঘারপাড়ায় এক চা দোকানি বোমা বিস্ফোরনে গুরুতর আহত হয়েছে। আহত চা দোকানির নাম সব্দুল মোল্যা (৪৫)। সে জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া গ্রামের আব্দুল মোল্যার ছেলে। মোবা বিস্ফোরনের ঘটনা সব্দুলের নিজ বাড়িতে ঘটেছে। আহত সব্দুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সব্দুলের স্ত্রী মঞ্জুরা বেগম জানিয়েছেন,‘ আমার স্বামীর দুই পা পঙ্গু। যে কারণে বাড়ির সাথে চায়ের দোকান দিয়েছে। ১৫/২০ বছর ধরে সে এ ব্যবসা করে। সংসারে অভাব মেটাতে আমি রাস্তায় কাজ করি। এলাকার সাবেক মেম্বর ইন্তাজ আলী প্রায়ই আমাকে কু প্রস্তাব দিত। গত একমাস আগে ইন্তাজ আমার ঘরে ঢোকে। ঘটনাটি আমি সবাইকে জানালে পরদিন ইন্তাজসহ ৫/৬ লোক এসে আমাদের মারপিট করে। এ বিষয়ে তখন বাঘারপাড়া থানায় অভিযোগ করা হয়। ইন্তাজ বিশেষ এক নেতার ছত্রছায়ায় থাকায় পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এরপর থেকে ইন্তাজ আমাদের পেছনে লেগে আছে। আমার ধারনা সে আমার খড়ির ঘরে বোমা রেখে গেছে। গতকাল মঙ্গলবার সকালে চা তৈরীর জন্য সব্দুল খড়ি (লাকড়ি) আনতে খড়ির ঘরে ঢোকে। খড়ি টান দিতেই বিকট শব্দে বোমা বিস্ফোরন ঘটে। এতে সব্দুল আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়’। হাসপাতাল সূত্রে জানাগেছে, সব্দুলের বাম হাতসহ শরীরের বেশ কয়েক জায়গায় ক্ষতের সৃস্টি হয়েছে। এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি মঞ্জুরুল ইসলাম বলেন, তদন্তে ফোর্স পাঠানো হয়েছে। তদন্তের পর সব কিছু বলতে পারবো।
স/মা

