হরিণাকুন্ডুতে এক ব্যবসায়ীর জমি নিয়ে
পৌর কর্তৃপক্ষের বিরোধ
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের হরিণাকুন্ডুর পৌরসভার পার্বতীপুর গ্রামের আব্দুল করিম নামের এক ব্যবসায়ীর জমি দখল নিয়ে পৌরকর্তৃপক্ষের বিরোধ চরমে উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল করিম আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেছে। ১৪৪ ধারা জারির হওয়ার পর ক্ষিপ্ত হয়ে জমির মালিকের বরাবর নোটিশ জারি করেছে পৌর কর্তৃপক্ষ।
জানা যায়, হরিণাকুন্ডু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পার্বতীপুর গ্রামের ৩৩ নং মৌজার ৯৫ দাগে ৩৩ শতক জমির মধ্যে ৫ শতক ওই গ্রামের ব্যবসায়ী আব্দুল করিমের। পৈত্রিক সুত্রে পাওয়া এই জমির হাফ শতক পৌরসভা জোর করে দখল করার চেষ্টা করছে। এ ঘটনায় আদালত থেকে ১৪৪ ধারা জারি করার পর আব্দুল করিমকে উক্ত জমি দখলমুক্ত করার জন্য নোটিশ জারি করেছে পৌরসভা।
ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল করিম জানান, আমার পৈত্রিক সুত্রে পাওয়া ৫ শতক জমির উপর দিয়ে রাস্তা করার চেস্টা করে পৌরসভা। আমি পৌরসভায় অভিযোগ করলে সার্ভেয়ার জমি মাপজোক করে। জমি মাপার পর আমার অংশে জমি এলে আর রাস্তা করতে পারেনি তারা। পরবর্তীতে আমি আমার জমি সুষ্ঠুভাবে বুঝে নেওয়ার জন্য পৌরসভা আবারো দরখাস্ত করি। সেসময় পৌরসভার সার্ভেয়ার আমার জমি খাস জমি দাবী করে সার্ভেয়ার আব্দুর রাজ্জাক ৩০ হাজার টাকা ঘুষ দাবী করেন। তিনি বলেন, ৩০ হাজার টাকা ঘুষ দিলে ওই জমি আবারো সঠিক ভাবে মেপে দিবেন। বিষয়টি কাউকে না বলার জন্যও বলেন তিনি। বর্তমানে আমি চরম আংশকার মধ্যে আছি। যেকোন সময় পৌরসভা কর্তৃপক্ষ আমার জমি দখল করে নিতে পারে বলে আশংকা করছি।
তিনি আরও অভিযোগ করেন, পৌরসভা কর্তৃপক্ষ আমার জমি দখল করার জন্য মেপে বাজারের জমি হিসেবে চিহ্ণিত করে। কিন্তু আমি পৌরসভার বাইরে থেকে সার্ভেয়ার এনে জমিটি মাপার পর আমার জমি সঠিক পাই। আমার ধারণা পৌর কর্তৃপক্ষ জমি জোর করে দখল করার জন্য নানা কৌশল অবলম্বন করছে।
এ ব্যাপারে সার্ভেয়ার আব্দুর রাজ্জাক বলেন, ৯৫ দাগের যে জমি নিয়ে ঝামেলা চলছে ওই জমিটি পার্বতীপুর বাজারের। বাজারের জমি মেপে যে পর্যন্ত পাওয়া গেছে সেই পর্যন্ত পৌর সভা দখল নেবে। ঘুষ দাবীর বিষয়টি তিনি অস্বীকার করেন।
স/মা

