দেশের মানুষকে আর সার ও বীজের
পেছনে ছুটতে হয় না -শিমুল এমপি
তাপস কুমার, নাটোর:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে নাটোর-২ (নলডাঙ্গা- সদর) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী ২০৪০ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হবে বাংলাদেশ। বর্তমান কৃষি বান্ধব সরকার সেই লক্ষ্য নিয়ে কৃষকদের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। ভয়াবহ বন্যা মোকাবিলা সহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। এখন ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ি মেরামতসহ কৃষকদের পুর্নবাসন করা হচ্ছে। কৃষকদের কল্যানে সরকার সব সময় পাশে থাকবে।
তিনি বলেন, এখন আর দেশের মানুষকে সার ও বীজের পেছনে ছুটতে হয় না। বরং সার ও বীজই কৃষকের পেছনে পেছনে ছুটছে। বোরো মৌসুমসহ সব সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে সরকার।
অথচ বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সার ও বীজের জন্য ১৮ জন কৃষককে জীবন দিতে হয়েছে। দিনব্যাপী লাইনে দাঁড়িয়ে থেকেও কৃষকরা সময়মত সার, বীজ পায়নি। দলীয় নেতাকর্মীরা সার বীজ ভাগাভাগি করে কালো বাজারে বিক্রি করেছে। তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় আসলে দেশে অর্থ-সম্পদ লুটপাট হয়।
রোববার বেলা ১১ টার সময় নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মুঃ রেজা হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি অধ্যাপক সামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম, সম্প্রসারণ অফিসার নীলিমা জাহান প্রমুখ।
এসময় স্থানীয় পাঁচটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী এবং দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম জানান, রবি এবং খরিপ-২০১৭-১৮ মৌসুমে প্রণোদনা কর্মসুচীর আওতায় গম, ভুট্রা, সরিষা, বিটি বেগুন, তিল ও মুগ চাষে সহায়তার লক্ষ্যে বিতরণের প্রথম দিনে ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিঘা প্রতি জমির জন্য বিনামূল্যে এক কেজি করে সরিষা বীজ ও ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরন করা হয়। তিনি বলেন, এই কর্মসুচীর আওতায় মোট এক হাজার ৮০৫ জন কৃষককে পর্যায়ক্রমে গম, ভুট্রা, বিটি বেগুন, তিল ও মুগ বীজ ও রাসায়নিক সার দেয়া হবে।
স/মা

