কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে কুকুরের উৎপাত
মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আনাচে-কানাচে চোখে পড়ছে অসংখ্য কুকুর। কুকুরের উৎপাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক আতঙ্কে রয়েছেন ।
এসব দেশীয় কুকুর প্রায়ই ঘেউ ঘেউ করে কামড় দিতে আসে । অভিযোগ পাওয়া গেছে, বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে কুকুরের আঘাতে ভ্যাকসিনও নিয়েছেন ।
সরেজমিনে দেখা গেছে, সারা বছর কুকুর না থাকলেও প্রজননের মৌসুমে ক্যাম্পাসের বিভিন্ন স্খানে কুকুর চোখে পড়ে । এসব কুকুর যেখানে-সেখানে যখন-তখন ঘেউ ঘেউ করে কামড় দিতে আসে ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলয় মাহমুদ রুবেল জানান, “বিশ্ববিদ্যালয়ে এক সাথে দশটি দেশীয় বিষাক্ত কুকুর দেখেছি । তখন আমার বান্ধবী কুকুর দেখে ভয়ে দৌড়ে পালিয়েছে । এ ব্যাপারে প্রশাসনের উচিৎ দ্রুত কুকুর নিধন করা” ।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে খোঁজ নিয়ে জানা যায়, মেডিক্যাল সেন্টারে জলাতঙ্ক রোগের প্রতিষেধক কোন ভ্যাকসিন নেই ।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহিদুল কবীর জানান, ”প্রজননের মৌসুম থাকায় কুকুর ব্যাপকভাবে দেখা যাচ্ছে।ক্যাম্পাসে কুকুরের উৎপাত নিধনে আমরা দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।”
স/মা

