কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন এবং সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের শূন্য আসনে উপ-নির্বাচন আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।
সোমবার নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে আলাদাভাবে দুই নির্বাচনের তফসিল ঘোষণা করেন নতুন নির্বাচন কমিশনের প্রধান কে এম নূরুল হুদা।
তিনি বলেন, এ দুই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা আগামী ২ মার্চ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
সুনামগঞ্জে ৫ মার্চ মনোনয়ন যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৩ মার্চ পর্যন্ত। আর কুমিল্লায় ৫ ও ৬ মার্চ যাচাই-বাছাই শেষে ১৪ মার্চ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।
অনেক দিন ধরে আটকে আছে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন। আর গত ৫ ফেব্রুয়ারি রোববার সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত মারা যান। এর ফলে ওই আসনটি শূন্য হয়ে পড়ে।
স/শা

