ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শত বছরের ঐতিহ্য অর্ধ বঙ্গেশ্বরী রানী ভবানীর নাটোর রাজবাড়ি

admin
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার, নাটোর

নাটোর রাজবাড়ী নাটোরসহ সারা বাংলাদেশের গৌরব। এই রাজবাড়িতে বসেই এক সময় শাসন করা হতো অর্ধ বাংলা। নাটোর রাজবংশের উজ্জ্বলতম চরিত্র অর্ধ বঙ্গেশ্বরী রানী ভবানীর রাজবাড়িতে অবসর সময় কাটাতে আসেন স্থানীয় এবং দূর-দূরান্তের অনেক ভ্রমণপিপাসু মানুষ। যান্ত্রিক নগরীর কোলাহল থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই এখানে আসেন অনেকেই। শহর থেকে মাত্র আধা কিলোমিটার উত্তরে অবস্থিত রানী ভবানীর রাজবাড়ি। ১০ টাকা দর্শনীর বিনিময়ে রাজবাড়ির অপার সৌন্দর্য উপভোগ করেন অনেকেই।

ইতিহাস থেকে জানা যায়, ১৭০৬-১৭১০ সালের মধ্যে পঞ্চাশ একর জমির ওপর গড়ে উঠে অর্ধ বঙ্গেশ্বরী খ্যাত নাটোরের রানী ভবানীর রাজবাড়ি। রাজবাড়ির চারদিকে পরিখা দিয়ে ঘেরা, মূল রাজপ্রাসাদ দুটি ছাড়াও রয়েছে ছোট বড় অনেক ভবন, রয়েছে ৫টি পুকুর, মন্দির, মৃত্যুকূপসহ বিভিন্ন স্থাপনা।

কামদেবের পুত্র রামজীবন এই রাজবংশের প্রতিষ্ঠাতা। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর সময়ই মূলত রানী ভবানীর অর্ধ বঙ্গেশ্বরী খ্যাতি লাভ এবং রাজবাড়ির প্রসার ঘটে। অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী রাজ্যের শাসনভার নিজ হাতে তুলে নেওয়ার পর থেকেই সফলভাবে রাজ্য পরিচালনা করেন। দেশবাসীর কাছে এমনকি বিদেশি ইংরেজদের কাছেও রানী ভবানী ছিলেন অত্যন্ত শ্রদ্ধার পাত্রী।

কথিত আছে, পলাশীর যুদ্ধে রানী ভবানী সিরাজ-উদ-দৌলার পক্ষে সৈন্য প্রেরণ করেছিলেন। এও শোনা যায় যে, নবাব সিরাজ-উদ-দৌলা রানী ভবানীর মেয়ে তারাসুন্দরীকে বিয়ে করতে চেয়েছিলেন।
রানী ভবানীর গর্ভে দু’টি পুত্র সন্তান ও একটি কন্যাসন্তান জন্মে। কিন্তু পুত্র দু’টির অকাল মৃত্যু হলে ১৭৫১ সালে রানী ভবানী রামকৃষ্ণকে দত্তকপুত্র হিসেবে গ্রহণ করেন। ১৮০২ সালের পর রামকৃষ্ণ ও রানী ভবানীর মৃত্যুর পর রাজবাড়ি দু’অংশে ভাগ হয়ে যায়। রানী ভবানীর দত্তকপুত্র রামকৃষ্ণর দু’পুত্র বিশ্বনাথ পিতার ক্ষুদ্র জমিদারির মালিক হন এবং শিবনাথ লাভ করেন দেবোত্তর সম্পত্তি। এ সময় থেকেই নাটোর রাজবংশ বড় তরফ ও ছোট তরফ নামে পরিচিত হয়। ১৯৮৫ সালে এটার একাংশকে যুবপার্ক হিসেবে ঘোষণা দেওয়া হয়। তারপর এখানে গড়ে তোলা হয় শিশুপার্ক ও পিকনিক স্পট, আনন্দ ভবনসহ বেশ কয়েকটি দৃষ্টিনন্দন ভাস্কর্য।
ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা রাজবাড়িতে নেই রাজা। নেই অর্ধ বঙ্গেশ্বরী, যাকে নাটোরের মানুষজন এখনো বঙ্গমাতা বলে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তবে আছে ইতিহাস আর ঐতিহ্যের জৌলুশ। যা দেখতে প্রতিদিনই আসেন অনেকেই। মুগ্ধ দৃষ্টিতে দেখে যান ছায়াঘেরা বিভিন্ন গাছপালা শোভিত ও কারুকার্য খচিত ভবন, পুকুর, দৃষ্টিনন্দন মন্দিরসহ বিভিন্ন স্থাপনা।

রাজবাড়ি ঘুরতে আসা সুফি সান্টু জানান, আগের চাইতে রাজবাড়ি আরো অনেক দৃষ্টিনন্দন করা হয়েছে। যান্ত্রিক জীবনে ছায়াঘেরা বৃক্ষশোভিত রাজবাড়িতে আসলে প্রাণ জুড়িয়ে যায়।
দর্শনার্থী মেহেদী হাসান জানান, একসময় কতই না কোলাহল মুখরিত ছিল। এখন সুনসান নীরবতা। ইতিহাস জানতে এসেছি। এখানে আসলে মনে হয় আগে রাজা রানীর কোলাহলে কতই না মুখরিত ছিল। এক ধরনের হাহাকার সৃষ্টি হয় মনের মাঝে।
নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, নাটোরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য রাজবাড়ি সংস্কারে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। ইতোমধ্যে সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

স/মা