কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কর্শাকড়িয়াইলে ট্রাক ও অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে অটোরিকসার চালকসহ ২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয় অটোরিকসার আরও ৪ যাত্রী। আহতদের কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ-নিকলী সড়কের কর্শাকড়িয়াইল বাজারের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, অটোরিকসার চালক দানাপাটুলি ইউনিয়নের গাগলাইল গ্রামের হাজী বাচ্চু ভূইয়ার ছেলে হাবিবুল্লাহ (১৮) ও যাত্রী পাশ্ববর্তি কর্শাকড়িয়াইল ইউনিয়নের সেহড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. রাফি (১৪)। এলাকাবাসী জানায়, নিকলী থেকে কিশোরগঞ্জের দিকে আসা একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হয় অটোরিকসার ৬ যাত্রী। আশংকাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে নেয়া হলে ডাক্তার দু’জনকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার শওকত জাহান জানান, পুলিশ ট্রাক ও অটোরিকসা আটক করেছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স/মা

