সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় ইলু মোল্যা (৪২) নামে এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইলু মোল্যা মাঝারদিয়া গ্রামের পশ্চিমপাড়ার মৃত আয়নাল মোল্যার ছেলে। পেশায় রং মিস্ত্রী। তাকে রাতেই উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইলুর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা জানান, মাঝারদিয়া গ্রামের চরপাড়ার আনু মাতুব্বরের ছেলে জাকির মাতুব্বর ও জাকিরের স্ত্রী রোজি বেগম এলাকায় দীর্ঘদিন ধরে গাজাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছে। জাকির ও তার স্ত্রীকে মাদক ব্যবসা করতে বাধা দেয়ায় গত রোববার (কোরবানীর ঈদের পরের দিন) বিকালে প্রতিবেশী মোহাম্মদ মাতুব্বরের মেয়ে জাহানারা বেগম ও ছেলে উজ্জ্বল মাতুব্বরকে পিটিয়ে আহত করে মাদক ব্যবসায়ীরা। আহত অবস্থায় জাহানারাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জাহানারার দুলা ভাই ইলু মোল্যা এ ঘটনার প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাঝারদিয়া বাজার থেকে বাড়ি যাওয়ার সময় মাদক ব্যবসায়ী জাকির মাতুব্বরসহ কয়েকজন হঠাৎ চাপাতি ও চাকু হাতে ইলুর পথরোধ করে। এ সময় ইলু বাঁচার জন্য চিৎকার দিলে হামলাকারীরা চাকু দিয়ে ইলুর গলা কেটে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা ইলুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সালথা থানার ওসি একেএম আমিনুল হক বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। তবে অভিযোগ পেলে যথাযত ব্যবস্থা গ্রহন করা হবে।’
স/এষ।

