প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বক্তব্য ‘মিস কোট’ (ভুলভাবে উপস্থাপন) না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সফিউর রহমান মিলনায়তনে মৌলভীবাজারের আইনজীবী শান্তি পদ ঘোষের লেখা ‘জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি এ আহ্বান জানান তিনি।
প্রধান বিচারপতি বলেন, ‘আমি প্রকৃতপক্ষে কোনো ‘ইয়ো’ করি না। আপনারা আমাকে অনেক ‘ইয়ো’ করছেন। কিন্তু একটুও মিসকোট করবেন না। আমাকে নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়। আমি কোর্টে যা বলি তার কিছু ‘ডিস্ট্রোটেড ইয়ো’ করা হয়। এতে আমাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আর আমার পক্ষে প্রেস কনফারেন্স করে কোনো কিছু বলা সম্ভব না। ’
প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘শুধু বিচারকদের বলব না, বিজ্ঞ আইনজীবীদেরও বলব, আপনাদেরও এই সমাজকে যথেষ্ট কিছু দেওয়ার আছে। আপনারা একটা জায়গায়, আইনের শাসন প্রতিষ্ঠায় আপনারা এক প্ল্যাটফর্মে আসুন। আপনাদের সহযোগিতা ছাড়া কোনো মামলা ভালোভাবে নিষ্পত্তি করতে পারি না। ইদানীং আপনাদের পেশাদারি একটু কম দেখা যাচ্ছে।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, নথি পর্যালোচনায় দেখা গেছে অনেক ত্রুটি ছিল এ মামলায়। যেমন তদন্তে, সে রকম প্রসিকিউশন ত্রুটি ছিল। এ বিষয়ে ভবিষ্যতে কিছু লেখার চিন্তাভাবনার কথা জানিয়ে তিনি বলেন, শুধু এই মামলা নয়, জেলহত্যা মামলাতেও অনেক ত্রুটি ও গাফিলতি ছিল। তিনি মামলার বিচারকাজের কথা তুলে ধরে বলেন, এটা ফৌজদারি ষড়যন্ত্র ছিল। ফৌজদারি ষড়যন্ত্র যদি হয়, এটা হয়েছিল সেনানিবাস থেকে।
আইনজীবী সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, গ্রন্থের লেখক শান্তি পদ ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানে সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনসহ বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
স/মা

