ঝালকাঠি প্রতিনিধিঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আজকে যারা তত্বাবধায়ক সরকারের কথা বলেন তাদের কাছ থেকে তত্বাবধায়ক সরকারের ধারনা আগে আসেনি। এই তত্বাবধায়ক সরকারের কনসেপ্ট শেখ হাসিনাই প্রথম করেছিলেন।
মন্ত্রী বলেন, তখন এই খালেদা জিয়া বলেছিলেন, এ দেশে নিরপেক্ষ কোন লোক নেই পাগল ও শিশু ছাড়া। আমি তাকে জিজ্ঞেস করতে চাই তিনি কোন পাগল দিয়ে এখন নিবার্চন করার কথা বলছেন। কোন শিশুকে নির্বাচন কমিশনে বসাতে চাইছেন। তাদের নামটা বলুন আমরা ভেবে দেখব।
আজ শুক্রবার বিকেলে ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভা এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ও ৫৫ কিলোমিটার বিদ্যুৎ লাইনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, আজকে সারা বিশ্বে যে ভাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হয়, নির্বাচন হয়, আমাদের দেশেও ঠিক সেই ভাবে সংবিধান অনুযায়ি নির্বাচন অনুষ্ঠিত হবে। যতই হুমকী দেয়া হোক না কেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ এ দেশে আন্দোলনের নামে আর কোন গণহত্যা চালাতে দেয়া হবে না।
মন্ত্রী আরও বলেন, নিজস্ব অর্থায়নে বাংলাদেশ আজ পদ্মাসেতু নির্মান করছে। সাংসদে আলাপ হয়েছে। এ সেতুর নাম শেখ হাসিনার নামে রাখা হবে বলেও উল্লেখ করেন শিল্পমন্ত্রী।
নলছিটি পৌর চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্কর, বরিশাল ওজোপাডিকোর নির্বাহী প্রকৗশলি আমজাদ হোসন প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার শত শত উপস্থিত ছিলেন।
স/শা

