ভালোবেসে দূরে থাকা যে কত কষ্টকর তা যে জানে, সেই শুধু মানে এই কথা। বর্তমানে স্কাইপ, ভিডিও কলের জামানায় সেই আক্ষেপ কিছুটা মিটলেও সে তো কেবলই চোখের দেখা আর মুখে দু’টো কথা বলা। এতে কী আর প্রাণ জুড়ায়।
তবে দূর সম্পর্কের এই জ্বালা কিছুটা নয় অনেকটাই এবার মিটতে চলেছে প্রযুক্তির কল্যাণে। সাত সমুদ্র তেরো নদীর অন্যপ্রান্তে থেকেও ভালোবাসার মানুষটির সঙ্গে শুধু কথা বলেই কিংবা চোখে দেখেই ক্ষান্ত হতে হবে না। তাঁকে ছুঁয়েও দেখতে পারবেন।
এই পদ্ধতি ইতোমধ্যে আবিষ্কার করে ফেলেছেন কানাডার সিমোন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের গবেষক কারমান নিউস্টেডার। এক বিশেষ প্রকারের দস্তানা আবিষ্কার করেছেন তিনি৷ যার মাধ্যমে ভিডিও চ্যাট করাকালীন আপনি সঙ্গীর হাত ছুঁতে পারবেন, তার গালে হাত দিতে পারবেন, আবার আলিঙ্গনও করতে পারবেন৷ আর আপনার সঙ্গীও দিব্যি অনুভব করতে পারবেন আপনার ভালবাসার ছোঁয়া।
বিশেষ এই দস্তানার নাম দেওয়া হয়েছে ফ্লেক্স-এন-ফ্লেক্স৷ এর মধ্যে থাকা সেন্সরগুলো মাইক্রো-কন্ট্রোলারের সঙ্গে অ্যাটাচ করা থাকে৷ ওয়াই-ফাই মডিউলে ব্যবহার করতে হয়৷ দস্তানার মধ্যে গলানো হাত নাড়ালেই সেন্সরগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে এবং ভালোবাসার মধ্যে শারীরিক দূরত্বও ঘুচে যায়৷
তবে এখনও পরীক্ষা-নীরিক্ষার স্তরেই রয়েছে এই দস্তানা৷ সবদিক পরীক্ষা করেই ছাড়া হবে বাজারে৷
স/শা

