কলম্বো টেস্ট
প্রথম ইনিংসের চেয়ে ২০৩ রান বেশি করেও ইনিংস হার এড়াতে পারেনি শ্রীলঙ্কা। কলম্বো টেস্ট চার দিনের মধ্যে হেরে লঙ্কানরা খুইয়েছে সিরিজও। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা অলআউট ৩৮৬ রানে।
কাল চতুর্থ দিনে চা-বিরতির মিনিট চারেক আগে থেমেছে শ্রীলঙ্কার ইনিংস। নুয়ান প্রদীপকে শিখর ধাওয়ানের ক্যাচ বানিয়ে শ্রীলঙ্কার ইনিংস মুড়ে দেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ফিফটির পর বল হাতে ৭ উইকেট নিয়েও অবশ্য ম্যাচসেরা হতে পারেননি এই অফ স্পিনার। শ্রীলঙ্কায় ভারতের প্রথম ইনিংস জয়ের টেস্টে ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন অশ্বিনের মতোই এই ম্যাচে ফিফটির পর বাঁহাতি স্পিনে ৭ উইকেট নেওয়া রবীন্দ্র জাদেজা।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন অশ্বিন, দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট জাদেজার। ১৪০ বছরের টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয়বার এক ম্যাচে এক দলের দুই খেলোয়াড় ফিফটির পাশাপাশি ইনিংসে ৫ উইকেট পেলেন। অশ্বিন-জাদেজার আগে ১৮৯৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার আলবার্ট ট্রট ও জর্জ গ্রিফিন এবং ২০১১ সালে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টিম ব্রেসনান ও স্টুয়ার্ট ব৶ডের ছিল এই কীর্তি।
জাদেজা অবশ্য কাল ম্যাচ শেষে একটা দুঃসংবাদও শুনেছেন। পরশু দিমুথ করুনারত্নের শরীর লক্ষ্য করে ইচ্ছে করে বল ছুড়েছিলেন। ওই ঘটনায় অভিযুক্ত হওয়ায় তাঁর ডিমেরিট পয়েন্ট হয় ৬। ফল, এক ম্যাচ নিষিদ্ধ হয়ে পাল্লেকেলের শেষ টেস্টে খেলতে পারবেন না টেস্টের এক নম্বর বোলার।
কাল হঠাৎ লাফিয়ে ওঠা এক বলে করুনারত্নেকে উইকেটের পেছনে রাহানের ক্যাচ বানিয়েছেন জাদেজা। তার আগেই অবশ্য ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটি পেয়ে গেছেন লঙ্কান ওপেনার। পাল্লেকেলে টেস্ট শুরু হবে ১২ আগস্ট। এএফপি, ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৬২২/৯ ডি.। শ্রীলঙ্কা: ১৮৩ ও ১১৬.৫ ওভারে ৩৮৬ (করুনারত্নে ১৪১, মেন্ডিস ১১০, ম্যাথুস ৩৬, ডিকভেলা ৩১; জাদেজা ৫/১৫২, পান্ডিয়া ২/৩১, অশ্বিন ২/১৩২)।
ফল: ভারত ইনিংস ও ৫৩ রানে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে ভারত ২-০-তে এগিয়ে। ম্যান অব দ্য ম্যাচ: রবীন্দ্র জাদেজা।

