মেহেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ফারুক সম্পাদক মন্টু
মেহেরপুর প্রতিনিধি : ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুরের ৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী মেহেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ফারুক হোসেন সভাপতি ও ফজলুল হক মন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে ২টা পর্যন্ত ভোট দান চলে। মোট ১৩টি পদের জন্য ২০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সহ-সভাপতি পদে ২ জন এবং যুগ্ম সম্পাদক পদে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
মোট ৩৯ জন ভোটারের মধ্যে ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে একুশে টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি ফারুক হোসেন ২১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রফিকুল আলম পান ১৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে সদ্য বিদায়ী সভাপতি এসএটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি ফজলুল হক মন্টু ২০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে অপর প্রার্থী এনটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি রেজান উল বাশার তাপস ১৭ ভোট পান।
এছাড়াও নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে বেনইয়ামিন মুক্ত, কোষাধ্যক্ষ পদে জিএফ মামুন লাকি, দপ্তর সম্পাদক পদে মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য পদে রাশেদুজ্জামান, জাহিদ হোসেন, রোজিনা আক্তার এবং মেহের আমজাদ নির্বাচিত হন।
এদিকে সহ সভাপতি ফারুক মল্লিক, মহাসিন আলী, যুগ্ম সম্পাদক পদে রামিজ আহসান, এবং মাজেদুল হক মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশন হিসেবে নির্বাচন পরিচালনা করেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আহমেদ। এদিকে নবনির্বাচিত সভাপতি-সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন জানানো হয়েছে।
স/এষ্

