মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: খুনের ৫০ দিন অতিবাহিত হলেও ইমনের মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ।
হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে শাওন খাঁন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। প্রধান আসামিরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।
ইমন হত্যাকারীদের গ্রেফতার ও তার মস্তক উদ্ধার না হওয়ায় ক্ষুদ্ধ তার পরিবার ও এলাকাবাসী। নিহত ইমনের পরিবারের লোকদের মধ্যে পুলিশের ভুমিকা নিয়ে যেমন প্রশ্নের সৃষ্টি হয়েছে তেমনি মামলার ভবিষ্যৎ নিয়েও তারা শংকিত।
নিহত ইমনরে স্বজনরা জানান, দেড় মাসেরও বেশি সময় পার হলেও ইমনের মাথা উদ্ধার ও আসামি ধরা পড়েনি। গত ২ জুলাই সকালে মহম্মদপুর উপজেলার পারুয়ারকুল গ্রামের একটি ক্ষেত থেকে পুলিশ মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ইমন মোল্যার মস্তক বিহীন মরাদেহ উদ্ধার করে।
ওই দিন বিকালে ময়নাতদন্ত শেষে অজ্ঞাত হিসাবে ইমনের লাশ মাগুরা পৌর গোরস্তানে দাফন করা হয়। পরে জুতা দেখে লাশ সনাক্ত হলে মাগুরা পৌর গোরস্তান থেকে লাশ উত্তোলন করে বাড়ির পাশে দাফন করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা ইসলাম মোল্যা বাদি হয়ে মো. হুমায়ন ও অনিকসহ আরও অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মহম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।
মহম্মদপুর থানার ওসি তারক নাথ বিশ্বাস জানান, মামলাটি মাগুরা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা তাদের সার্বিকভাবে সহযোগিতা করছি।
মাগুরা গোয়েন্দা পুলিশের ওসি মো. নাছির উদ্দিন বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে শাওন নামে একজনকে আটক করা হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই প্রকৃত অপরাধীরা ধরা পড়বে।
স/এন

