হিলি সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত
হিলি প্রতিনিধি: দিনাজপুরের বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আব্দুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক হিসেবে জামিল হোসেনকে নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এ সাধারণ সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক। পরে সকলের সম্মতিতে সিলেকশনের মাধ্যমে ১৮ সদস্যের একটি নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহসভাপতি হিসেবে আব্দুল আজিজ, শাহিনুর রেজা শাহীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হানিফ লস্কর ও জাবেদ হোসেন রাসেল নির্বাচিত হন। এছাড়া সভায় অ্যাসোসিয়েশনের আয় ব্যয়সহ সার্বিক চিত্র তুলে ধরা হয়।
এ সময় দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক বলেন, হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম গতিশীল করতে নতুন এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকল সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি রফতানিকারক ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে।
বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের কিছু অনিয়ম অসংগতি রয়েছে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।বর্তমানে যে রাজস্ব আহরণ হচ্ছে তা আগামীতে দ্বিগুন করার লক্ষে কমিটির সকল সদস্যদের প্রতি অনুরোধ জানান এমপি।
তিনি বলেন, সকল বন্দরের মতো সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে আমাদের এই অঞ্চলকে আরো এগিয়ে নিতে পারি। একই সঙ্গে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে নতুন এই কমিটি কাজ করবে বলে আশা করি।
স/অ

