হালিমা হাসপাতালে, মারা গেল খাদিজা
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাদিজা খাতুন নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন হালিমা খাতুন নামে আরো একজন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, একই দিন বিকেলে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা খাতুন হাটবোয়ালিয়া গ্রামের মাঠপাড়ার আজির উদ্দিনের মেয়ে। তিনি হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। আহত হালিমা খাতুন খাদিজার বান্ধবী। তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খাদিজা খাতুনের বাবা আজির উদ্দিন জানান, খাদিজা ও হালিমাসহ বেশ কয়েকজন বাড়ির পাশে খেলছিল। সেখান দিয়ে বিদ্যুতের প্রধান সংযোগ ছিল। এ সময় অসাবধানতাবশত খাদিজা ও হালিমা বিদ্যুতের তারে হাত দেয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় তারা। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ জানান, খাদিজা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পর তার মৃত্যু হয়। আহত হালিমা খাতুনকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় খাদিজা খাতুনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
স/এষ।

