সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন
বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মিসেস আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এসময় তিনি বলেন, প্রতি ৫০ জন ব্যক্তির জন্য একটি ‘ওয়াটার পয়েন্ট’ শীর্ষক জাতীয় লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছে সরকার। সেই সাথে এ লক্ষ্য বাস্তবায়নে প্রত্যন্ত এলাকায় প্রতিবছর গভীর-অগভীর নলকূপ স্থাপন এবং উপকূলীয় লবণাক্ত এলাকায় পুকুর খনন প্রকল্প নিয়েছে।
মন্ত্রী বলেন, সুপেয় পানি ও কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানির উপর অধিকহারে নির্ভরশীলতার কারণে ইতোমধ্যে ভূ-গর্ভস্থ পানির স্তর ৩ মিটার থেকে ১০ মিটার পর্যন্ত নিচে নেমে গেছে। শুষ্ক মৌসুমে নলক‚পে পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যায় না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার ৩৭৫ কোটি টাকা ব্যয়ে ‘পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর, দীঘি, জলাশয়সমূহ পুনঃখনন,সংস্কার’ শীর্ষক এক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

