সুনামগঞ্জে বজ্রপাতে ২ জেলের মৃত্যু
আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের জেলে সাজিদ নূর (৩০) ও একই গ্রামের ফজল মিয়ার ছেলে রাকিব মিয়া (১৬) বজ্রপাতে মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার কাইলানী হাওরে মাছ শিকার করতে গিয়ে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাইলানী হাওরে সোমবার বেলা আড়াইটার দিকে দুগনই গ্রামের পেছনে কাইলানী হাওরে চাঁই পেতে মাছ শিকার করতে যান জেলে সাজিদ নূর (৩০) ও তাঁর চাচাতো ভাই রাকিব মিয়া (১৬)।
ওইদিন বেলা তিনটার দিকে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ওই দুজন জেলে বজ্রপাতের বিকট শব্দে নৌকা থেকে হাওরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা ওই হাওরে জাল ফেলে ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই দুজন জেলেকে মৃত অবস্থায় উদ্ধার করেন বলে স্থানীয় সাংবাদিক মোবারক হোসাইন নিশ্চিত করেন।
উপজেলার চামরদানী ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ওয়াসিল আহমেদ ,বজ্রপাতে ওই দুজন জেলের মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। ইউএনও মো.মুনতাসির হাসান বলেন, নিহত ওই দুজন মৎস্যজীবির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
স/এষ্

