সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে পুলিশের নামে চলছে বেপরোয়া চাদাবাজী
সুনামগঞ্জ প্রতিনিধি : ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে পুলিশের নামে বেপরোয়া চাঁদাবাজী চলছে। বিভিন্ন সময় প্রশাসনের জব্দকৃত বালু পাথর নীলাম ক্রয় করে নীলাম গ্রহনকারীদের সিন্ডিকেট পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে বালু পাথর উত্তোলনকারী শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন রেটে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
জানা যায়, ডলুরা ৪৮ শহীদ মিনার সংলগ্ন ধোপাজান চলতি নদীর পূর্বপাড়ে সরকারী খাস খতিয়ানের জায়গায় গত ১২ অক্টোবর ৯০ হাজার ঘনফুট পাথর জব্দ করে সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলমগীর, বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার একাব্বর,সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই দিদার উল্লাহ ও র্যাব ৯ সুনামগঞ্জ সিপিসি-৩ এর অফিসার ইনচার্জ আহাম্মদ আলীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী।
জব্দ করার পর জব্দকৃত পাথরগুলো প্রতি ঘনফুট ৪৮ টাকা রেটে ভ্যাট ও ট্যাক্সসহ মোট ৫৬ লক্ষ টাকায় নীলামে ক্রয় করে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের পূর্ব ডলুরা নিবাসী আব্দুল ছামাদ এর পুত্র সাদেক মিয়া ও একই গ্রামের মৃত সমরাজ আলীর ছেলে দেলোয়ার হোসেন। ২৪ নভেম্বরের মধ্যে তাদেরকে নীলামকৃত ৯০ হাজার ঘনফুট পাথর সরিয়ে নেয়ার জন্য যৌথবাহিনীর ক্ষমতাপত্রে লিখিত নির্দেশ দেয়া হয় তাদেরকে।
সরজমিনে গিয়ে দেখা যায়,কথিত নীলাম গ্রহনকারীরা জব্দকৃত ৯০ হাজার ঘনফুট পাথর নীলাম গ্রহনের ৩ দিনের মধ্যেই সরিয়ে নিয়ে হালুয়ারঘাটের বিভিন্ন ক্রাশার মালিকের নিকট ও ধোপাজান নদীপথে অন্যত্রে বিক্রয় করেছে।
কিন্তু শুভংকরের ফাকি দিয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের নজরদারী এরিয়ে জব্দকৃত স্থানে চলতি নদী হতে প্রতিদিন পাথর উত্তোলন করত: বেআইনীভাবে একই জায়গায় ডাম্পিং করে যৌথ বাহিনীর ক্ষমতাপত্রকে অবৈধভাবে ব্যবহার করে নিরীহ শ্রমিক ও স্থানীয় ক্ষুদ্র পাথর উত্তোলনকারীদের কাছ থেকে প্রতি ঘনফুটে ১৫ টাকা রেটে চাঁদা আদায় করছে।
চাঁদা প্রদানকারী নিরীহ শ্রমিকরা রসিদ দিয়ে চাঁদা বা টাকা নেয়ার জন্য নীলাম ক্রয়কারীচক্রকে অনুরোধ জানালে কথিত নীলাম ক্রয়কারী সাদেক মিয়া ও দেলোয়ার হোসেন এবং তাদের সহযোগীরা বৈধ রসিদ প্রদানের পরিবর্তে যৌথ বাহিনীর দেয়া ক্ষমতাপত্রের ফটোকপি প্রদান করে শ্রমিকদেরকে।
গত ২৪ অক্টোবর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত গড়ে প্রতিদিন প্রায় ১৫০ জনের অধিক শ্রমিকদের কাছ থেকে এচক্রটি হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। প্রতিটি পঙ্গপালে (ছোট নৌকা) ২ থেকে ৩ শত ঘনফুট পাথর বহন করা হয়।
গড়ে একটি পঙ্গপাল নৌকা থেকে ৩ থেকে ৪ হাজার টাকা হিসেবে চাঁদা আদায় করছে এ চক্রটি। অন্যদিকে ডলুরা শহীদ মিনার থেকে সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট বাজার পর্যন্ত রাস্তা দিয়ে প্রতিদিন শত শত পিআকআপ ও হ্যান্ডট্রলি দ্বারা পাথর সরবরাহ করা হচ্ছে বেআইনীভাবে।
এতে এলাকাবাসীর ভোগান্তি,পরিবেশ বিপর্যয়সহ অনেকের প্রাণহানি পর্যন্ত ঘটে যাচ্ছে। স্থানীয় মুক্তিযোদ্ধার সন্তান ও আওয়ামীলীগ নেতা এডভোকেট শামীম আহমেদ বলেন,প্রতিদিন শত শত পাথরবুঝাই পিকআপ ও হ্যান্ডট্রলি ডলুরা শহীদ মিনার হতে হালুয়ারঘাট পর্যন্ত বিনাবাধায় অবৈধভাবে পাথর নিয়ে যাচ্ছে।
ইজারাবিহীন ধোপাজান নদীর পাথর নিয়ে এমনিভাবে প্রকাশ্য দিবালোকে বেআইনী ব্যবসা পরিচালিত হলেও আইন শৃঙ্খলা বাহিনীর কোন তৎপরতা নেই। যেন দেখেও অনেকে না দেখার ভান করছেন। এতে করে পরিবেশ বিপর্যয়,যানঝট ও প্রাণহানি ঘটছে।
আমরা ইতিপূর্বে এলাকায় মানববন্ধন করেও এ ব্যাপারে কোন প্রতিকার নিতে পারিনি। পূর্ব সদরগড় গ্রামের স্থানীয় লোকজন বলেন,প্রতিদিন ধোপাজান নদীর পূর্বপাড়ে ইঞ্জিনবোটে বসে পুলিশ প্রশাসনের লোকজন পঙ্গপাল নৌকা ও ইঞ্জিন নৌকায় বালি পাথর বহনকারী নৌকার ব্যবসায়ী শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন রেটে চাঁদা উত্তোলন করে ইজারাবিহীন ধোপাজান নদীতে বালু পাথর ব্যবসার সুযোগ দিয়ে যাচ্ছে।
নিরীহ শ্রমিকরা বলেন,পুলিশ দৈনিক ভিত্তিতে ১ হাজার টাকা করে প্রায় ১৫০টি পঙ্গপাল নৌকা হতে অনুমান দেড় লাখ টাকা নেয়। পুলিশের নামে প্রতিদিন এ টাকা আদায় করে কথিত নীলাম গ্রহনকারী সাদেক ও দেলোয়ার। আমাদের কাছ থেকে পুলিশ প্রশাসনের নামে টাকা নিয়ে তারা বিশ্বম্ভরপুর ও সদর থানা পুলিশকে নগদ প্রদান করে।
আমরা রসিদ দিয়ে টাকা নেয়ার অনুরোধ করলে তারা আমাদেরকে পাথর নীলাম গ্রহনের ক্ষমতাপত্রের ফটোকপি ধরিয়ে দেয়। পাশাপাশি চলতি নদীর মুখে অবৈধ ডাম্পিং হতে প্রতি সপ্তাহ বাবত পুলিশ নেয় ২০ হাজার টাকা। এ টাকাও উঠায় সাদেক এবং দেলোয়ার। কার নির্দেশে কিভাবে কোন নিয়মে চাঁদা আদায় করছে জানতে চেয়ে সাদেক এর মোবাইল ফোনে কল করলেও সে ফোন রিসিভ করেনি। দেলোয়ার হোসেন বলে,আমি পরে কথা বলছি।
অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল তছলিম এহসানের মুঠোফোনে কল করলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ এমরান হোসেন বলেন,যারা পরিবেশ অধিদপ্তরের ক্ষমতাপত্রকে অবৈধভাবে ব্যবহার করে এবং যত্রতত্র ফটোকপি সরবরাহ করে নিরীহ শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করছে সেসব চাঁদাবাজদের বিরুদ্ধে খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
তিনি এ ব্যাপারে ভূক্তভোগী শ্রমিকদেরকে অভিযোগ দায়েরের জন্য পরামর্শ দেন। অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সহিদুর রহমান এর মুঠোফোনে কল করলে তিনি বলেন,নীলাম গ্রহনকারীরা দাবী করছে তারা তাদের নীলামের মাল বিক্রয় করছে।
কিন্তু নীলামের পাথর ৩ দিনের মধ্যে সরিয়ে একই জায়গায় বেআইনীভাবে পাথর ডাম্পিং করে পুলিশের নামে চাঁদা আদায় করার বিষয়টি আমাদের জানা নেই। আমরা অনুসন্ধান করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। তবে চাঁদাবাজদের বিরুদ্ধে এখন পর্যন্ত থানায় কোন শ্রমিক লিখিত অভিযোগ দায়ের করেনি বলে তিনি উল্লেখ করেন।
স/এষ্

