হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথায় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরীর নানা অপকর্মের সংবাদ প্রকাশের জের ধরে ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার বিক্রয় প্রতিনিধি মো. জিহাদ মাতুব্বরের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে উপজেলার রামকান্তপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মারপিটের শিকার জিহাদ মাতুব্বর এ ঘটনায় থানায় একটি জিডি করেছেন।
দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার সম্পাদক ও সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্লা বলেন, সালথায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবরের বিভিন্ন অপকর্ম নিয়ে বাঙ্গালী খবর পত্রিকায় বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ হওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবলুর সমর্থক রামকান্তপুর গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে ফেলু মাতুব্বরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত পত্রিকার বিক্রয় প্রতিনিধি মো. জিহাদ মাতুব্বরের ওপর হামলা চালায়। হামলার সময় তারা জিহাদের কাছে থাকা ৩১শ’ টাকা, শতাধিক পত্রিকা ও তাঁর বাই-সাইকেল কেড়ে নেয়। এ ঘটনায় সালথা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
এবিষয় সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আমিনুল হক বলেন, এ ধরণের একটি অভিযোগ আমি পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
স/ এষ্

