ঢাকাশনিবার , ২৪ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথায় দুই পরিবারের হাতাহাতির ঘটনায় একজন নিহত 

abu naser
ডিসেম্বর ২৪, ২০২২ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সালথায় দুই পরিবারের হাতাহাতির ঘটনায় একজন নিহত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বাগানে একটি মেহগনি গাছের পাতা ছাগলে খাওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় মো. মতিউর রহমান মোল্যা ওরফে তারা (৫২) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের জোগারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিউর সোনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের বড় ছেলে। তিনি (মতিউর) বিবাহিত এবং তিন ছেলে ও এক মেয়ের বাবা।

নিহতের ভাই ওলিয়ার রহমান জানান, পূর্ব বিরোধের জেরধরে মতিউর রহমানকে নানাভাবে হয়রানি করে আসছিল প্রতিবেশী মো. সজল মোল্যা ও তার সমর্থক ইলিয়াস মোল্যা এবং দেলোয়ার মোল্যা। আজ সকালে তাদের একটি ছাগল সজলদের একটি মেহগনি গাছের পাতা খেয়ে ফেলে। এ নিয়ে সজল তার সহযোগীদের নিয়ে মতিউরসহ পরিবারের সদস্যদের গালাগালি করে এবং মতিউরকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়।

সালথা থানার পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার বিকাল ৪ টার দিকে সজল বাড়ির লোকজন নিয়ে আবার মতিউরের বাড়ির কাছে এসে তাকে গালাগালি করা শুরু করে। এ সময় মতিউর ও তার আরেক ভাই আজিজুল রহমান এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে ঘুষাঘুষি হয়।

একপর্যায়ে মতিউর ঘটনাস্থলে সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী মতিউরকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে মুঠোফোন বন্ধ থাকায় সজল কিংবা তার পক্ষের কারও সাথে কথা বলা সম্ভব হয়নি।

সন্ধ্যার পর সালথা থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারি পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান সাকিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন বলেন, নিহত মতিউরের শরীরে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। পুলিশ জানতে পেরেছে মতিউর হৃদরোগী ছিলেন। ঘুষাঘুষিতে একটি মানুষের মৃত্যু হওয়ার কথা নয়। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

তিনি বলেন, মৃতদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। রবিবার সেটি ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

স/এষ্