সালথায় গ্রামের দুই দলের সংঘর্ষে আহত-২০, বাড়িঘর ভাংচুর
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: স্থানীয় গ্রাম্য দলপক্ষের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় গ্রাম দুই দলের সংঘর্ষে অন্তত ২০ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় উভয় দলের কয়েকটি বসতবাড়ি ভাংচুর করেছে সংঘর্ষ কারীরা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে মুরাটিয়া গ্রামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার মাতুব্বর ও বেলায়েত মোল্যার সমর্থক আজিজুল শেখের সাথে একই গ্রামের বিএনপি নেতা মিন্টু মিয়ার সমর্থক আকরাম শেখের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে আকরাম কাচি দিয়ে আজিজুলকে কোপ দেয়। এরই সুত্রধরে বিকালে উভয়গ্রুপের সমর্থকরা দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কী-ভেলা, ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষকারীরা উভয় গ্রুপের কয়েকটি বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
দুই ঘন্টাব্যাপী এই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আজিজুল শেখ (৩৫), শামীম শেখ (৩৫), কামরুল মিয়া (৩৬), তুহিন মিয়া (২৫), রমজান মীর (২৭), টিটুল শেখ, মহিদুল শেখ (৩৮), বিশু শেখ (৩৫) ও উজ্জ্বল শেখ (৩৩) সহ উভয় দলের অন্তত ২০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। ওই এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন আছে। এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।

