সহিংসতার আশঙ্কায় বাড়তি জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে মোতায়েন করা হয়েছে ৪৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ঢাকায় মোতায়েন করা হয়েছে ২০ প্লাটুন বিজিবি সদস্য, প্রস্তুত রয়েছে আরো ৫ প্লাটুন। এছাড়া সারাদেশের সিরাজগঞ্জে ৩ প্লাটুন, বগুড়ায় ৩ প্লাটুন, নোয়াখালীতে ১ প্লাটুন, লক্ষীপুরে ১ প্লাটুন, চাঁদপুরে ১ প্লাটুন, নারায়নগঞ্জে ৩ প্লাটুন, কিশোরগঞ্জে ১ প্লাটুন, ফেনীতে ২ প্লাটুন, বরিশালে ১ প্লাটুন, পিরোজপুরে ১ প্লাটুন, সাতক্ষীরায় ২ প্লাটুন, বাগেরহাটে ১ প্লাটুন, নাটোরে ১ প্লাটুন ও পাবনায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়াও খুলনায় ৪ প্লাটুন, রাজশাহীতে ৪ প্লাটুন, গাইবান্ধায় ২ প্লাটুন, কুড়িগ্রামে ১ প্লাটুন, নীলফামারীতে ২ প্লাটুন, বি-বাড়ীয়ায় ২ প্লাটুন, চট্টগ্রামে ৭ প্লাটুন, খাগড়াছড়িতে ৪ প্লাটুন ও কক্সবাজারে ৫ প্লাটুন বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।
সূত্র বলছে, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘিরে সহিংসতার আশঙ্কায় বাড়তি জননিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে দেশেজুড়ে বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ সদর দফতর থেকে নিরপত্তা ব্যবস্থার নির্দেশনা দেয়া হয়েছে। এতে সকল বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবিও কাজ করছে।
স/এষ্

