রাহুল রাজ, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম।।
মিরপুরর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাদামাটা আয়োজনে উঠল বিপিএল এর পর্দা। গুটি কয়েক বেলুন উড়িয়ে ও হালকা আতশবাশির শব্দের মধ্য দিয়ে পর্দা উঠল ষষ্ঠ বিপিএল আসরের। ৫ জানুয়ারি, শনিবার গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আর চিটাগাং ভাইকিংসের ম্যাচ দিয়ে শুরু হয় এবারের বিপিএলের ময়দানি লড়াই। একইদিন সন্ধ্যায় (বিকেল ৫টা ২০ মিনেটে শুরু) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।
ক্রিকেটে আজকাল ফ্র্যাঞ্চাইজি আসর বিশেষ করে ২০ ওভারের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বেশ জনপ্রিয়। ভারতের ‘আইপিএল’- অস্ট্রেলিয়ার ‘বিগ ব্যাশ’- সন্দেহাতীতভাবেই বিশ্ব ক্রিকেটের আলোচিত ও সাড়া জাগানো ক্রিকেট টুর্নামেন্ট। ওই দুই আসরকে এখন আর ঠিক ২০ ওভারের মোড়কে আটকে রাখা ঠিক হবে না।
বিশ্ব ক্রিকেটে আইপিএল এখন সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট। ক্রিকেট বিশ্বের সব শীর্ষ তারকার জ্বলজ্বলে উপস্থিতি, শত-শত কোটি টাকার খেলা আর বিগ বি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শিল্পা শেঠি, প্রিতি জিনতা ও জুহি চাওলাসহ বলিউড তারকার অংশগ্রহণে আইপিএল এখন ক্রিকেট, বিনোদন আর বিপননে ভরপুর এক সম্পূর্ণ প্যাকেজ। অস্ট্রেলিয়ার বিগব্যাশ ঠিক সেই মানের না হলেও কম নয়।
আকারে আইপিএলের তুলনায় ছোট। বাজার, বিপণন, বাণিজ্য আর তারকার অংশগ্রহণ এবং অর্থের ঝনঝনানিও অনেক কম। তবে আর্থ-সামাজিক প্রেক্ষপট দিয়ে বিচার করলে বাংলাদেশের বিপিএলও দিনকে দিন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির বড় আসর হয়ে উঠেছে।
শুরুতে এটি একটি অগোছালো ও ভুলে এবং অনিয়মে ভরা এক আসর ছিল। কিছু বিচ্ছিন্ন ঘটনা, অনিয়ম, ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে টালবাহানা এবং আয়োজকদের ত্রুটিপূর্ণ- ব্যবস্থাপনায় প্রথম চার আসরের গায়েই আছে কালো দাগ। তবে তূলনামুলকভাবে পঞ্চম আসরটি তেমন বিতর্কের জন্ম দেয়নি। এবার ষষ্ঠ আসর বিপিএলের।
ধারণা করা হচ্ছে এটাই হতে যাচ্ছে বিপিএলের সবচেয়ে আকর্ষণীয় আসর। বল পিচে গড়ানোর আগে সবচেয়ে আকর্ষণীয় বলা কি ঠিক হলো? নিশ্চয়ই প্রশ্ন উঠছে। তা উঠতেই পারে। তবে কিছু প্রাসঙ্গিক ও বাস্তবসম্মত ইস্যুই বলে দিচ্ছে বিপিএলের এবারের আসরটি সবচেয়ে আকর্ষণীয় হতে যাচ্ছে।
কারণ, প্রায় শুরু থেকে সর্বাধিক তারকার সমাবেশ ঘটতে যাচ্ছে এবার। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, এভিন লুইস আর পোলার্ডরা আছেন অগের মতই। এবার তাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন অস্ট্রেলিয়া তথা বিশ্ব ক্রিকেটের দুই বড় তারকা স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নার। এরই মধ্যে রাজধানীতে অবস্থান করছেন ওয়ার্নার এবং স্মিথ।
একই সাথে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের সব সময়ের অন্যতম সেরা উইলোবাজ এবি ডি ভিলিয়ার্সও প্রথমবার বিপিএল খেলতে আসছেন ঢাকায়। তাদের সাথে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস আর ইয়ান বেলসহ আরও বেশ কিছু নামি-দামি তারকার দেখা মিলবে এবার।
বিপিএলে আগেও তারকার সমাবেশ ঘটেছে; কিন্তু শুরু থেকে এত বিপুল সংখ্যক বিশ্ব বরেণ্য ও নামি-দামি ক্রিকেটার আগে কখনো বিপিএল খেলতে আসেননি। এটা একটা নতুনত্ব এবং বড় তাৎপর্য্য ও বৈশিষ্ট্য এবারের আসরের। সে সাথে প্রচারণায়ও আসছে নতুনত্ব। অভিনবত্ব।
আগের আসরগুলোতে ক্যামেরার কাজ ভাল ছিল না। সেই অপবাদ ঘোচাতে ব্যস্ত আয়োজকরা। এবার ২৬ থেকে ৩৬টি ক্যামেরা ব্যবহারের কথা শোনা যাচ্ছে। প্রথম পর্বে স্পাইডার ক্যামেরা না থাকলেও পরের পর্বেই স্পাইডার ক্যামেরা বসানো হচ্ছে। এছাড়া মানববিহীন ‘ড্রোন’ থাকবে এবারের আসরে।
স/এষ্

