সাউথ এশিয়ান স্পিকারস সম্মেলনে যোগ দিতে ভারতে গেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সিপিএ নির্বাহী কমিটি ও সাউথ এশিয়ান স্পিকার ফোরামের বর্তমান চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী শুক্রবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
আগামীকাল শনিবার শুরু হবে দক্ষিণ এশিয়ার স্পিকারদের নিয়ে তিন দিনের আঞ্চলিক সম্মেলনটি।
ভারতের লোকসভা ও আইপিইউ-এর যৌথ উদ্যোগে দেশটির ইন্দোরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সাউথ এশিয়ান স্পিকারস সামিট অন এচিভিং দ্য সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল অর্জনের লক্ষ্যকে সামনে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলনটি।
সম্মেলনে যোগদানের জন্য আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীও স্পিকারের সঙ্গে একই বিমানে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। স্পিকারের প্রতিনিধি দলের সদস্য হিসেবে সম্মেলনে আরও যোগদান করবেন সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত।
স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। আগামী ২০ ফেব্রুয়ারি সম্মেলন থেকে স্পিকার ঢাকা ফিরবেন ২১ ফ্রেব্রুয়ারি।

