খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ সাংবাদিক ও মানবাধিকারকর্মী খলিলুর রহমান মৃধাকে ডাকাতি মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন হয়েছে।
বুধবার সকাল ১০টায় ঝালকাঠির সাংবাদিক সমাজ’র ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন হয়। খলিল জেলার নলছিটি উপজেলার দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি ও সুজন-সুশাসনের জন্য নাগরিকের উপজেলা শাখার সভাপতি।
মানববন্ধনে খলিলের বাবা মোশারেফ মৃধা, স্থানীয় সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবীদ, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শেণি পেশার মানুষ অংশ নেয়।
এ মামলাকে মিথ্যা দাবী করে বক্তরা মামলা প্রত্যাহার ও তার মুক্তি দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুশিয়ারি করা হয়।
প্রসঙ্গত, ২০০৭ সালের নলছিটিতে একটি ডাকাতি মামলায় সাংবাদিক খলিলুর রহমানকে ঝালকাঠির সিআইডি পুলিশ গত ২৮ মার্চ গ্রেপ্তার করে।
মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে একটি প্রভাবশালী মহল সাংবাদিক খলিলকে এ মামলায় জড়িয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
স/ এষ্

