সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুর পদত্যাগের ঘোষণা
শরিফুল ইসলাম বাবুল,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সখীপুর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু।সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে তিনি তাঁর ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে উপজেলা বিএনপি’র সভাপতি পদ থেকে পদত্যাগের এ ঘোষণা দেন। শারীরিক ও পারিবারিক কারণে ওই পথ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি স্ট্যাটাসে উল্লেখ করেছেন।
সেই সাথে আগামী ২-৩ দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এবং কি কারণে তিনি পদত্যাগ করেছেন তা স্পষ্ট করবেন বলেও স্ট্যাটাস থেকে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপি’র কয়েকজন নেতা জানান, সখীপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ওপর কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাড. আহমেদ আজম খানের অগণতান্ত্রিক ও অযাচিত হস্তক্ষেপ এবং স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শাজাহান সাজু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
শাহজাহান সাজুর ঘনিষ্ঠ জনদের সঙ্গে কথা বলেও এমনটি জানা গেছে। সাজু নিজেও এমন ইঙ্গিত দিয়েছেন। তবে বিএনপি’র কয়েকজন নেতা সাজুর পদত্যাগের ঘোষণাকে নাটক বলে মন্তব্য করেছেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলন এবং মামলার ভয়ে সভাপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কিনা-এমন প্রশ্নের জবাবে শাহজাহান সাজু বলেন, মামলা-হামলা আমি কোনদিনই ভয় করি না। শারীরিক এবং পারিবারিক কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।তবে দলে গণতন্ত্রের অভাব ও স্বেচ্ছাচারিতা রয়েছে বলেও তিনি জানান।
এবিষয়ে পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন বলেন, ব্যক্তিগত কাজে আমি এলাকার বাইরে আছি। তাই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল বলেন, বিষয়টি আমার জানা নেই। শাহজাহান সাজুর সঙ্গে এ বিষয়ে কথা বলে তিনি জানাবেন বলে জানান।
কেন্দ্রীয় বিএনপি’র সহ-সভাপতি অ্যাড. আহমেদ আজম খানের সঙ্গে এবিষয়ে কথা বলতে তার মুঠোফোনে ফোন করলেও তিনি ফোন ধরেননি।

