নবাবগঞ্জ.দোহার (ঢাকা) প্রতিনিধি :
শুধু উন্নয়ন নয়, সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের কল্যাণে কাজ করতে হবে। বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল আগামিতেও তারা ক্ষমতায় যেতে পারবে না জেনে নির্বাচনে অংশ নিতে চাচ্ছে না। তাই তারা ইসি নিয়ে টালবাহানা শুরু করেছে। বিএনপি মানে বাংলাদেশ নালিশ পার্টি। বর্তমান সরকারের আমলে দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ ঢাকা সড়কটি চার লাইনে রূপান্তর করা হবে। আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
শনিবার বিকাল ৪ টায় দোহার উপজেলার জয়পাড়া পাইলট স্কুল মাঠে প্রধানমন্ত্রীর বেসরকারীখাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সৌজন্যে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি আরো বলেন, গৃহদাহ থেকে বের হয়ে আওয়ামীলীগকে জনগণের কাতারে এসে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বেশী ক্ষমতা দেখাবেন না। জনগণের আস্থা অর্জন করুন। তাহলেই নেতা হতে পারবেন। আগামী নিবার্চনে যাকে দল মনোনয়ন দিবে নৌকার পক্ষে তার নিবার্চন করবেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলছে। এধারাকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী নিবার্চনের জন্য প্রস্তুত হোন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এ অঞ্চলে কলকারখানা গড়ে উঠলেই গ্যাস সংযোগ দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবশ্যই অবগত করা হবে। আপনারা সেই উদ্যোগ নিন।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। তার সহযোগিতায় আমি দোহার নবাবগঞ্জের উন্নয়নে কাজ করছি। তিনি সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে দোহার নবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত চার লেনের রাস্তা নির্মান, পানি সম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল হক মাহমুদকে পদ্মা ভাঙ্গন রোধে অসমপাপ্ত কাজকে সমাপ্ত করণ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে দোহার নবাবগঞ্জে দ্রুত গ্যাস লাইন স্থাপনের অনুরোধ জানান। এসময় শত শত মানুষ করতালি দিয়ে সালমা ইসলামের বক্তব্যকে সমর্থন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান খান, তৃণমূল বিএনপির সভাপতি ব্যারিষ্টার নাজমুল হুদা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইজিআর খান আব্দুল মান্নান, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান,জেলা আ’লীগ সভাপতি বেনজির আহমেদ, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহসভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা খন্দকার নুরুল আনোয়ার বেলাল, জেলা আওয়ামীলীগ নেতা শওকত হোসেন শাহিন, পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সহসম্পাদক সুরুজ আলম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, জাতীয় পার্টি নবাবগঞ্জ উপজেলা যুগ্ম আহবায়ক হুমায়ন কবির, জুয়েল আহমেদ, দোহারের ডা. আলাউদ্দিন আল আজাদ, আব্দুল আলীম, জেলা পরিষদ সদস্য এস.এম সাইফুল ইসলাম, মহিলা আওয়ামীগের নেত্রী আনার কলি পুতুল, মরিয়ম জালাল প্রমুখ।
স/শা

