শার্শায় ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট গ্রেফতার
মো. রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: সীমান্তবর্তী শার্শায় সুরাইয়া আক্তার মিষ্টি (২০) নামে ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে নাভারন সাতক্ষীরা মহাসড়কের উলাশি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট মিষ্টি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের আব্দুর রহিমের মেয়ে।
শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান জানান, উলাশি বাজারের একটি মুদি দোকানে ঢুকে সুরাইয়া আক্তার মিষ্টি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকান মালিকদের ফ্রিজ খুলতে বলেন এবং মেয়াদত্তীর্ন মালামাল থাকলে দোকান মালিকদের নামে মামলাসহ বিভিন্ন ধরনের শাস্তির হুমকি দেয়।
তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে দোকান মালিকদের একজন শার্শা থানায় জানালে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কথিত ভুয়া মহিলা ম্যাজিস্ট্রেট নামধারী সুরাইয়া আক্তার মিষ্টিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুরাইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
স/অ

