ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের বিদায়ের পর এবার দেশ সেরা এসিল্যান্ড উসমান গনি পদোন্নতি পেয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি এ বছর বাংলাদেশের সেরা এসিল্যান্ডের পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি ডিজিটাল উদ্ভাবনী চর্চায় বিশেষ অবদান রাখায় ও শ্রেষ্ঠ এসিল্যান্ড মনোনিত হওয়ায় খুলনা বিভাগীয় রৌপ্য পদক এবং সম্মাননা সনদ অর্জন করেছেন।
এর আগেও তিনি ঝিনাইদহ জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলায় ঝড়ষাব-ধ-ঞযড়হ প্রতিযোগিতায় প্রথম স্থান এবং জেলার শ্রেষ্ঠ ইনোভেশন অফিসার হিসেবে পুরস্কার ও সনদপত্র লাভ করেন। এছাড়াও তিনি ব্যাক্তি ও কর্মজীবনে কাজের স্বীকৃতি স্বরূপ ছোট-বড় অনেক পুরস্কার অর্জন করেছেন।
এসিল্যান্ড হিসেবে তার কর্মস্থল ছিলো ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিস। পদোন্নতি পেয়ে তিনি নবাগত শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেছেন। তার মত একজন সুদক্ষ কর্মকর্তা ইউএনও হিসেবে যোগদান করায় এ উপজেলায় উন্নয়নমূলক আরো অনেক কর্মকান্ড সংগঠিত হবে বলে শৈলকুপাবাসী আশাবাদী। সদ্য যোগদানকৃত ইউএনও উসমান গনি শৈলকুপা উপজেলার উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য, উসমান গনি ২৯ তম বিসিএস এর মাধ্যমে ২০১১ সালের ১লা আগষ্ট পঞ্চগড় জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। পরে সেখান থেকে খুলনার কয়রা উপজেলার এসিল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন। এরপর সেখান থেকে ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসে যোগদান করেন এবং অফিসটি সম্পূর্ণ ঘুষ, দূর্নীতি, দালাল ও হয়রারি মুক্ত জনবান্ধব ভূমি অফিসে রুপান্তরিত করেন। পরে পদোন্নতি পেয়ে মঙ্গলবার শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। তার বাড়ী নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বলে জানা গেছে।
স/শা

