এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
প্রায় একমাস পর সোমবার (১৭ এপ্রিল) সকাল থেকে পাঠদান কার্যক্রম শুর হয়েছে। সকালে অধ্যক্ষ প্রকৌশলী মো. আলাউদ্দিনসহ শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদান করেন।
শিক্ষার্থীরা বলেন, ‘বহিরাগতরা শিক্ষকের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছি। ২৭ দিন ক্লাসে যাইনি। সামনে পরীক্ষা, তাই ক্লাসে ফিরেছি। আমরা আশা করছি, খুব দ্রুত জড়িত হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি হবে’।
অধ্যক্ষ প্রকৌশলী মো. আলাউদ্দিন বলেন, ‘শিক্ষককে মারধরের বিষয়টি খুবই দুঃখজনক। জেলা প্রশাসক ও পুলিশ সুপার হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আশ্বাস পেয়ে আমরা ক্লাস শুরু করেছি। বেশ কিছুদিন পরীক্ষা থাকায় ক্লাস বন্ধ ছিল। পরীক্ষার পর ফের শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে’।
গত ২০ মার্চ বিকালে কম্পিউটার বিভাগের ইনস্ট্রাক্টর (শিক্ষক) সুব্রত সাহা কলেজ থেকে বাসায় ফেরার পথে বহিরাগত জুয়েল মিয়া দুখু (২৫) ও সহযোগীরা তার ওপর অতর্কিতে হামলা চালান।
এ ঘটনায় ওই শিক্ষক ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন কারাগারে। পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
স/ এষ্

