এ.কে.আজাদ (জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পটির উপজেলা পরিষদের সামনের অংশ জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন। প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের মাধ্যমে ১৯৮ কোটি টাকা ব্যয়ে বাঁধটি নির্মিত হয়। বর্তমান বর্ষার মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাত, গৃহপালিত পশু-পাখির অবাধ বিচরন, বৃক্ষ রোপন না করার কারণে নির্মিত বেড়ী বাঁধের বিভিন্ন স্থানে ব্লক ভেঙ্গে যায় এবং ব্লকগুলো মাটির নিচে তলিয়ে যায়। যার ফলে পুরো বাঁধটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। যেকোন মূহুর্তে পুরো বাঁধটি ধ্বসে উপজেলা পরিষদ এলাকা এবং সম্পূর্ণ রামগতি উপজেলা মেঘনার বুকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অভিজ্ঞমহলের ধারণা অতি দ্রুত বাঁধের সংস্কার না করলে ব্লক ও মাটি সরে গিয়ে মেঘনার বুকে হারিয়ে যাবে আলেকজান্ডার বাজার, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারী কলেজ, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী বে-সরকারী মিলিয়ে কয়েক হাজার কোটি টাকা মূল্যমানের সহায় সম্পদ। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর আলীর বাঁধের বিষয়টি নজরে আসার পর তিনি সরেজমিনে পরিদর্শনে গিয়ে ভয়াবহ অবস্থা দেখে বাঁধটি সংস্কারের জন্য পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব ও জেলা প্রশাসককে চিঠির মাধ্যমে অবহিত করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর আলী বলেন, আমি বাঁধের বর্তমান অবস্থা পরিদর্শন করে দেখতে পাই বাঁধের আশু সংস্কার খুবই জরুরি। অন্যথায় যে কোন মূহুর্তে উপজেলা পরিষদসহ পুরো এলাকা বিপর্যয়ের মধ্যে পড়বে।
স/এষ।

