ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

যুবদল নেতা হানিফসহ গ্রেপ্তার ৩ জন

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ১৩, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

যুবদল নেতা হানিফসহ গ্রেপ্তার ৩ জন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা ।। নেত্রকোনা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের জয়শিদ গ্রামে এক গৃহকর্তা ও তার স্ত্রীকে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—বিচিপাড়া গ্রামের আল আমিন, তিয়শ্রী গ্রামের হানিফ (যিনি লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক) এবং মাটিকাটা গ্রামের রুবেল (ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক)।

জানা যায়, গত সোমবার (৭ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত জয়শিদ গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী শহিদুল ইসলাম খোকনের বাড়িতে হানা দেয়। প্রথমে তারা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে শহিদুল ও তার স্ত্রী বিউটি আক্তারকে হাত-পা ও মুখ বেঁধে মারধর করে। পরে ঘরে তল্লাশি চালিয়ে তারা একটি মোবাইল ফোন, একটি ট্রাঙ্কে রাখা ৪৫ হাজার টাকা এবং স্বর্ণের বালা, কানের দুল ও আংটি লুট করে নিয়ে যায়।

আহত শহিদুল ইসলামকে তার স্বজনরা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার তিনদিন পর বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে তিনি নেত্রকোনা মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর (নং-১৪, তারিখ ১০/০৭/২০২৫, ধারা ৩৯৪ পেনাল কোড ১৮৬০) রুজু করা হয়।

তদন্তে নেমে পুলিশ প্রথমে আল আমিনকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোনটি উদ্ধার করে। পরে আল আমিনের স্বীকারোক্তি অনুযায়ী, অভিযুক্ত যুবদল নেতা হানিফ ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। হানিফের হেফাজত থেকে একটি ধারালো চাকু, একটি গামছা এবং লুটের নগদ কিছু টাকা উদ্ধার করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং অনুসন্ধানের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (১২ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।