বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁনঃ যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় ফজলুর রহমান (২২) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার শুকদেবনগর গ্রামের বাবুল সরদারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভাড়ায় আখ বোঝাই নছিমন নিয়ে মাগুরায় যান ফজলুর রহমান। সেখান থেকে রাত ৮টার দিকে খালি নছিমন নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি।
এ সময় বাঘারপাড়া উপজেলার গলগলিয়া শুকদেবনগর রাস্তার মাঝামাঝি পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনাস্থল বিলের মধ্যে হওয়ায় রাতে কেউ জানতে পারেননি।
সকালে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে বাঘারপাড়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ফজলুর রহমানের মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
বাঘারপাড়া থানার এসআই আব্দুল আজিজ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে হাজির হয়ে লাশটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।
স/এষ্

