ময়মনসিংহ ফুলপুরে দুই অটোরিকশা চোর আটক
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- মোঃ কামরুল ইসলাম খান-
ময়মনসিংহের ফুলপুরে রাজন মিয়া (২০) ও উবায়দুল হক (২৫) নামে ব্যাটারিচালিত দুই অটোরিকশা চোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের ফুলপুরস্থ এম শামসুল হক চত্বর থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে ফুলপুর থানার এসআই জাহিদুল ইসলাম ও এএসআই আব্দুল জলিল বুধবার দিবাগত রাতে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর এলাকায় চেক পোস্ট পরিচালনা করে আসছিলেন।
পরে রাত শেষে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সন্দেহমূলক একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করতে চালককে থামতে ইশারা দেন তারা। এসময় হঠাৎ চালক ও যাত্রী দুজনই অটো রেখে দৌড় দেয়। পরে তাদের আটক করা হয়।
আটককৃত রাজন মিয়া ময়মনসিংহ কোতোয়ালি থানার ভার্সিটির শেষ মোড়ের সাইদুল ইসলামের ছেলে। আর উবায়দুল হক ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের মইশাউন্দা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকা থেকে তারা ব্যাটারিচালিত দুইটি রিকশা চুরি করে। এরপর একটি রিকশা থেকে ব্যাটারি খুলে পথে একটি পরিত্যক্ত ঘরে রাখেন। আর আরেকটি রিকশা চালিয়ে পালানোর সময় ফুলপুরে এসে হাতেনাতে ধরা পড়ে।
পরে তাদের দেওয়া তথ্য মতে ফুলপুর পুলিশ ওই ব্যাটারিগুলো উদ্ধার করে হালুয়াঘাট থানা পুলিশকে বুঝিয়ে দেন। বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, কিছুক্ষণ আগে ফুলপুর থেকে তাদের আমাদের থানায় পাঠানো হয়েছে। আটক অটোচোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স/বি

