নবাবগঞ্জ প্রতিনিধি.
বর্তমান সরকার তৃণমূল জেলেদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। প্রজনন মৌসুমে ইলিশ ও জাটকা শিকার থেকে বিরত থাকতে হবে। এরফলে মৎস্য সম্পদের উন্নয়ন হবে। ইলিশ বড় হলে রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব হবে।
শনিবার সকাল সাড়ে ১০টায় দোহারের নয়াবাড়ী ইউনিয়নের ধোয়াইর ইউপি কার্যালয় চত্বরে মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এ কথা বলেন। একই দিন তিনি মাহমুদপুর ইউনিয়নে মৎস্যজীবীদের মাঝেও চাল বিতরণ করেন।
সাংসদ সালমা ইসলাম এ সময় বলেন, দোহারের পদ্মা পারের মানুষ সারা বছর মাছ শিকার করে মানুষের আমিষের চাহিদা মেটায় ও তাদের জীবিকা নির্বাহ করে। তবে প্রজনন মৌসুমকে বাদ দিয়েই তাদের পেশাকে ধরে রাখতে হবে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের সাধারণ জেলেদের কথা চিন্তা করেই তাদের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে এই প্রথম দোহারের দারিদ্র মৎস্যজীবীরা সরকারের সহায়তা পেলেন। সংসদ সদস্য সালমা ইসলাম মৎস্যজীবীদের মাছ ধরার পাশাপাশি অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্যও তাগিদ দেন। যাতে তারা ইলিশের প্রজনন মৌসুমে সংসার চালাতে হিমশিম না খায়। দোহারে প্রায় ৮৪০জন জেলের প্রতিজনকে ৪ কেজি করে ৪ মাস চাল বিতরণ করা হবে।
এসব অনুষ্ঠানে দোহার উপজেলা নিবার্হী কর্মকর্তা কেএম আল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ মিয়া, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, জাতীয় পার্টি নেতা জুয়েল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
স/এষ্

