মেহেরপুরে থামছেই না সড়ক দুর্ঘটনা আবারো ৫ জন আহত
এস এম মেহেরাব হোসেন মেহেরপুর : মেহেরপুরে যেন থামছেই না সড়ক দুর্ঘটনা প্রতিদিনই মেহেরপুরের কোন না কোন জায়গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে। চালকদের অসচেতনতা, বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর কারণেই এসব সড়ক দুর্ঘটনা ঘটছে বলে সুশীল সমাজের দাবি।
সড়ক দুর্ঘটনায় বেশিরভাগ উঠতি বয়সের যুবক আহত এবং নিহত হয়েছে গত একমাসে। মেহেরপুর মহাজনপুর সড়কে এক পথ দুর্ঘটনায় স্বপন, আসাদুল, শাকিল, রাসেল রানা ও আখিরা খাতুন নামের ৫ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে তিন জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
শনিবার সকালের দিকে মেহেরপুর মহাজনপুর সড়কের কোলা ব্রিজের কাছে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের এ দূর্ঘটনা ঘটে। আহত স্বপন মুজিবনগর উপজেলা মহাজনপুর গ্রামের ফিরোজ হোসেনের ছেলে, আসাদুল কোরবান আলীর ছেলে, শাকিল মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের সাদেক আলীর ছেলে, রাসেল রানা মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এবং আখিরা খাতুন আবুল কালাম আজাদ এর স্ত্রী।
জানা গেছে ঘটনার সময় শাকিল সহ ৩ জন একটি মোটরসাইকেল যোগে মহাজনপুর দিকে যাচ্ছিল এবং রাসেল তার মাকে নিয়ে মেহেরপুরের দিকে আসছিল। পথিমধ্যে কোলা ব্রিজের কাছে এটি ইজিবাইকে সাইড দিতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ ঘটনায় দুই মোটরসাইকেলের চালকসহ ৫ জন গুরুত্বর আহত হন।খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত স্বপন, আসাদুল এবং শাকিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স/এষ্

