মুন্সীগঞ্জ বন অধিদপ্তরে মিলছেনা উন্নত জাতের চারা
এম এম রহমান: প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট কারণে প্রতিবছরই অধিক পরিমান ফলজ এবং বনজ গাছ নষ্ট হয়। পাশাপাশি বসতি স্থাপনের জন্যও কেটে ফেলা হচ্ছে গাছপালা। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পুষ্টির চাহিদাও মেটায়। একটি গাছ কাটলে সেখানে তিনটি গাছ লাগানো খুবই জরুরি।
গাছের শূণ্যতা পূরণে নতুন গাছের চারা রোপন করা প্রয়োজন হয়। কিন্তু মুন্সীগঞ্জ বন অধিদপ্তরে গিয়ে ভালো এবং উন্নত জাতের ফলজ গাছ পাচ্ছেনা ক্রেতারা। কম দামে সরকারী গাছ কেনার আশায় বন বিভাগে গিয়ে ফিরে যাচ্ছে শতশত গাছ প্রেমী মানুষ।
ফলে বেশী দাম দিয়ে উন্নত জাতের কলম চারা কেনার জন্য গাছ প্রেমীরা ঝুঁকে পড়ছে সেরকারী নার্সারীর দিকে। অল্প সময়ে গাছের দ্রুত বৃদ্ধি এবং অল্প সময়ে গাছের ফল খাওয়ার জন্য অধিক মূল্য দিয়ে চারা কিনছেন মানুষ। ব্যক্তি মালিকানা নার্সারীগুলোতে উন্নত জাতের আম, জাম, কমলা, মাল্টা, আনার, ডালিম, পেয়ারা, লেবু, নারিকেল, সুপারিসহ বিভিন্ন জাতের চারা পাওয়া যাচ্ছে। পাশাপাশি কাঠ জাতীয় এবং সবজি জাতীয় নানা ধরনের সবজির চারা পাওয়া যাচ্ছে নার্সারীতে।
কিন্তু দীর্ঘদিন বন বিভাগের পক্ষ থেকে উন্নত চারা উৎপাদন উদ্যোগ না নেয়ায় গাছ প্রেমী মানুষ নার্সারীর দিকে ঝুঁকে পড়ছে।
সরোজমিনে মুন্সীগঞ্জ বন অধিদপ্তরে গিয়ে দেখা গেছে, শুনশান নীরবতা। গাছের চারা ক্রেতাদের নেই কোন আনাগোনা। নার্সারীর এক পাশে বসে আছে বন অধিদপ্তরের মালি মনিরুজ্জামান। সেখানে গাছের চারা বলতে সরাসরি বীজ থেকে উৎপাদিত দেশীয় জাতের পেয়ারা, লেবু, কাঠাল, পেপে , জাম, আকাশী এবং মেহগনী কাঠের কিছু পরিমান চারা।
মালি মনিরুজ্জামান জানান, আমাদের উৎপাদিত চারা সব বিক্রি হয়ে গেছে। জনবল সংকটের কারনে বেশী চারা উৎপাদন করা সম্ভব হচ্ছেনা। মানুষ এখন কলমের চারা কিনে। এর কারন হলো অল্প সময়ে ফল পাওয়া যায়।
গাছের চারা কিনতে আসা যুবক আলামিন সিকদার বলেন, বন অধিদপ্তরে এসে কাঠ গাছের চারা কিনলাম। এখানে উন্নত জাতের কোন চারা নেই । যা আছে সব দেশী জাতের এগুলো ফলন দিতে বহু বছর সময় লাগবে। বেসরকারী নার্সারীতে চারার দাম অনেক বেশী। বন বিভাগ উদ্যোগ নিয়ে উন্নত জাতের সব ধরনের ফল গাছের কলমের চারা উৎপাদন করলে কম দামে কিনতে পারতাম।
মুন্সীগঞ্জ বন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু তাহের বলেন, মৌসুম শেষ হয়ে গেছে এবছর যে পরিমান উৎপাদন করেছিলাম সেগুলো বিক্রি হয়ে গেছে। সামন্য কিছু চারা এখনও আছে। জনবল সংকটের সমস্যা তো আছেই। তাছাড়া মানুষ আজকাল উন্নত জাতের কলমের চারা রোপন করে অল্প সময়ে ফল পাওয়ার জন্য। আমাদের বন বিভিাগে সরাসরি বীজ থেকে চারা উৎপাদন করা হয়।
তিনি আরো বলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সারাদেশের প্রতিটা জেলায় অতি কালচার নার্সারী স্থাপন করেছে। কিন্তু মুন্সীগঞ্জ জেলায় সেটা নেই। কৃষি বিভাগ যদি অতি কালচার পদ্ধতিতে উন্নত জাতের ফলজ চারা উৎপাদন করিত তাহলে মানুষ সরকারী দামে চারা কিনে নিতে পারতো।
স/এষ্

