মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লক্ষ টাকার পোনা ও বড় মাছ নিধন করা হয়েছে। বুধবার গভীর রাতে পাইকপাড়া গ্রামের হালিম মুন্সীর পুকুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবী জমি নিয়ে বিরোধ সংক্রান্ত ঘটনায় প্রতিপক্ষের লোকজন পুকুরে বিষ প্রয়োগ করেছে। বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, পুকুরটিতে হাজার হাজার মাছ মরে ভেসে আছে। স্থানীয় সুত্রে জানা গেছে, জমির মালিকানা নিয়ে হালিম মুন্সী এবং তার ভাই শহিদ মুন্সীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে এবং এ বিষয়ে একাধিক মামলা মুন্সীগঞ্জ আদালতে বিচারাধীন রয়েছে।
হালিম মুন্সীর ছেলেন শাকিল বলেন, বুধবার রাতে পুকুর তদারকি করতে এসে দেখি, অনেক মাছ মরে পানিতে ভেসে আছে। সকালের আগেই পুকুরের প্রায় সব মাছ মরে গেছে। তিনি অভিযোগ করে বলেন, চাচা শহিদ মুন্সী জমির মামলায় জেতার জন্য এই বিষ প্রয়োগ করছে।এ ব্যাপারে জানতে চেয়ে শহীদ মুন্সীর সাথে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
টঙ্গিবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা বলেন, বিষয়টি সর্ম্পকে অবগত নই, আপনাদের মাধ্যমে জানলাম, খোঁজ নিয়ে বিষয়টি দেখবো। স/রহ

