এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের সৈয়দপুর গ্রামে ভন্ড কবিরাজের দেয়া ডাব খেয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে শিশু, বৃদ্ধনারীসহ একই পরিবারের ৮ জন। বুধবার রাতে সৈয়দপুর গ্রামের সদ্য প্রবাস ফেরত রবজল দেয়ানের বাড়ীতে এ ঘটনা ঘটে।
রোগীর স্বজন এবং ভুক্তভোগী রবজল দেওয়ানা জানান, আধ্যাত্নিক কালী সাধক নামের এক হিন্দু কবিরাজ ৭ দিনের মধ্যে যে কোন রোগ ভালো করতে পারে। এমন খবর নিয়ে একজন মহিলা প্রবাসী রবজলের বাড়ীতে যায়। যাওয়ার পর মহিলার কথায় বিশ্বাস করে কথিত ওই কবিরাজকে বাড়ীতে আসার জন্য খবর দেয় রবজলের মা।
কবিরাজ বাড়ীতে এসেই রবজলের জীবনে ঘটে যাওয়া কাহিনী এবং রবজলের নানা ধরনের রোগের কথা অনায়েসে বলে দেয়। বিনা পয়সায় বাড়ীর সকলকে ৭ দিনের মধ্যে রোগ মুক্তি করবে । আর তাতেই বাড়ীর লোকজনের করিবাজের কথায় বিশ্বাস জমে।
কবিরাজের কথায় তারা পায়েস রান্না, আগর বাতি, মোম জ্বালিয়ে এবং ৭ টা ডাব সাজিয়ে আসন তৈরী করে। কবিরাজ বাড়ীর সকলকে নদীর পানিতে গোসল করে আসতে বলে। গোসলের পর শুরু হয় ঝাড় ফুক এবং ডাবের মুখ খুলে পেঁপে গাছের নল দিয়ে ৬জনসহ বাড়ীর সকলকে ডাবের পানি খাওয়ায়।
এরপর সকলে ঘুমিয়ে পড়লে কথিত সাধক বাবা আর তার সহযোগী ওই নারী ঘরে থাকা নগদ অর্থ, স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করান। এরা হলেন, রবজল দেওয়ান (৩২), জৈনবী বেগম (৬০),শেফালি (৪৫), সুবর্না (২২), শান্তা (১৭), শিশু জান্নাত (৫) নাবিলা (৩) এবং আজিজল (৪০) । এদের মধ্যে জৈনবী বেগমের অবস্থার বেগতিক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ বলেন, রোগীকে কোন ধরনের ওষুধের ডোজ খাওয়ানো হয়েছে এটা বলা সম্ভব নয়। রোগীকে কি পরিমান ওষুধ খাওয়ানো হয়েছে তার উপর নির্ভর করে রোগীর সুস্থ্যতা। যাদের শরীরে ওষুধের মাত্রা কম ছিলো তারা এখন অনেটা সুস্থ্য আছে। একজন বৃদ্ধ নারীর শরীরে ডোজ বেশী পড়েছে তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেছি।
স/এষ্

